মোরেলগঞ্জে নদীতে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে ট্রলার থেকে পড়ে নিখোঁজের একদিন পর কৃষক অমলেশ বাছাড়ের (৪৮)  লাশ উদ্ধার করা হয়েছে ।  বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা কেওড়া নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানায়, উত্তর ফুলহাতা গ্রামের কুমুদ বাছাড়ের ছেলে অমলেশ মঙ্গলবার সকাল ১০টার দিকে তার মাকে  নিয়ে ট্রলার যোগে বোনের বাড়ি যাচ্ছিলেন। ওই সময় তিনি নদীতে পড়ে নিখোঁজ হন। অমলেশের স্ত্রী ও ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

আরও পড়ুন: নাগরিকপঞ্জী থেকে বাদ পড়ায় লাশেরও ঠাঁই নেই ভারতে!

অমলেশের স্ত্রী স্বপ্না বাছাড় অভিযোগ করে বলেন, তার স্বামী (অমলেশ) নদীতে পড়ার পরে ট্রলার চালক রিপন ট্রলার থামায়নি। কিছুক্ষুণ পরে আমার স্বাশুড়িকে (অমলেশের মাকে) নদীর চরে নামিয়ে দিয়ে রিপন ট্রলার নিয়ে চলে যায়।

মোরেলগঞ্জ থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বুধবার ফায়ার সার্ভিসের সহযোগিতায় অমলেশ বাছাড়ের লাশ উদ্ধার হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমআরএম