এক ইঁদুর আর একটা ব্যাঙের মধ্যে বন্ধুত্ব ছিল। রোজ সকালে ব্যাঙ পুকুর থেকে লাফ দিয়ে উঠে একটা গাছের পাশে একটা গর্তে বাস করা তার বন্ধুর সঙ্গে দেখা করতে যেত। আবার দুপুরে বাড়ি ফিরে আসত।
বন্ধুর সঙ্গ পেয়ে ইঁদুর খুব খুশি হলো, তবে সে মোটেই বুঝতে পারেনি যে তার বন্ধুটি ধীরে ধীরে একটি শত্রুতে পরিণত হচ্ছে। তার কারণ? ব্যাঙ অপমানবোধ করছিল, কেননা সে রোজ ইঁদুরের সঙ্গে দেখা করতে তার ডেরায় যায়, অথচ ইঁদুর একবারও তার বাড়িতে বেড়াতে আসার চেষ্টা করেনি।
একদিন সে অনুভব করল—সে যথেষ্ট অপমানিত হয়েছে। সেদিন যখন ইঁদুরের কাছ থেকে বিদায় নেওয়ার সময় হলো, তখন সে একটা রশির এক প্রান্ত তার নিজের পায়ের সঙ্গে বাঁধল, আর অন্য প্রান্তটা ইঁদুরের লেজের সঙ্গে বাঁধল। তারপর লাফিয়ে লাফিয়ে চলতে শুরু করল, আর পেছন পেছন হতভাগা ইঁদুরটাকে টেনে নিয়ে চলল।
ব্যাঙ এক লাফ দিয়ে পুকুরের গভীর পানিতে ডুব দিল। ইঁদুর অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারল না এবং একটু পরই সে ডুবে গেল। তার ফুলে ওঠা দেহটা পানিতে ভেসে উঠল।
একটা বাজপাখি দেখল, পুকুরের পানিতে একটা মরা ইঁদুর ভেসে রয়েছে। সে ছোঁ মেরে নিচে নেমে বাঁকানো নখর দিয়ে মরা ইঁদুরটাকে আঁকড়ে ধরল, তারপর উড়ে গিয়ে কাছেই একটা গাছের ডালে বসল। এদিকে রশির সঙ্গে বাঁধা ব্যাঙও তার সঙ্গে উঠে এল। সে নিজেকে ছাড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করল, কিন্তু পারল না আর বাজপাখিটা শীঘ্রই তার সব প্রচেষ্টা শেষ করে দিল।
আফ্রিকায় একটা প্রবাদ আছে :‘তোমার শত্রুর জন্য খুব বেশি গভীর গর্ত খুঁড়তে গেলে তুমি নিজেই হয়তো সেই গর্তে পড়ে যাবে।’