বখাটেদের মারপিটে মানসিক প্রতিবন্ধী নারী গুরুতর আহত

বাগেরহাটের শরণখোলা উপজেলায় বখাটেদের বেদম মারপিটে এক মানসিক প্রতিবন্ধী নারী গুরুতর আহত হয়েছেন। আহতের নাম পিয়ারা বেগম (৪০)। বুধবার সকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহত ওই নারীর ভাই খলিলুর রহমান সাংবাদিকদের অভিযোগ করে জানান, উপজেলার উত্তর রাজাপুর গ্রামের আ. সোবাহান খানের মানসিক প্রতিবন্ধী স্ত্রী পিয়ারা বেগম বুধবার সকালে বাড়ি থেকে মামা বাড়ি দক্ষিণ রাজাপুর গ্রামে যাচ্ছিলো। এ সময় ওই গ্রামের তিন রাস্তার মোড়ে একই এলাকার চান মিয়া হাওলাদারের পুত্র কামরুল ও মোহাম্মদ খানের পুত্র শহীদুল পিয়ারা বেগমকে উত্যক্ত করে। এরই প্রেক্ষিতে ওই নারী গালাগালি করলে এতে ক্ষিপ্ত হয়ে তারা বেদম মারপিট করে একটি মাছের ঘেরের উপর ফেলে রেখে চলে যায়। এরপর আহত অবস্থায় পিয়ারা বেগমকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

আরও পড়ুন: মালয়েশিয়ার ফায়ারফ্লাই ও নভোএয়ার একসঙ্গে কাজ করবে

এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (এসআই) এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


ইত্তেফাক/এএএম