ইসলাম ও নৈতিক শিক্ষা
মুহাম্মদ মিজানুর রহমান ,সহকারী শিক্ষক
পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় পিরোজপুর
শিক্ষার্থী বন্ধুরা শুভেচ্ছা নিও। ইসলাম ও নৈতিক শিক্ষার বহুনির্বাচনি অংশে সব অধ্যায় থেকে কম-বেশি প্রশ্ন হয়ে থাকে। এজন্য তোমাদের পাঠ্যবইয়ের অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। বিশেষ করে প্রতিটি অধ্যায়ের ভিতর তথ্যবহুল ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো। পুরো বই আয়ত্ত করার সুবিধার্থে বারবার রিডিং, গুরুত্বপূর্ণ কোটেশন, বিষয়বস্তু, পাঠ সংশ্লিষ্ট সন-তারিখ, স্থান, নাম, সূরার আয়াত সংখ্যা, শানে-নুযূল, নাজিলের স্থান, শিক্ষা, বিভিন্ন সংজ্ঞা, শব্দের অর্থ, কুরআন ও হাদিসের বিভিন্ন বাণীগুলোর উত্স মনোযোগ সহকারে পড়তে হবে। সৃজনশীল প্রশ্ন পাঠ্যবইয়ের সব অধ্যায় থেকেই করা হবে। তাই ভালো করে পড়ে, বোঝে এবং যে কোনো নতুন পরিস্থিতিতে অর্জিত জ্ঞান কাজে লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। উদ্দীপকটি সাধারণত মৌলিক, সম্পূর্ণ নতুন এবং বাস্তব জীবনের সাথে সম্পর্কিত বিষয়ের আলোকেই করা হয়। সৃজনশীল প্রশ্নের উত্তর করার আগে উদ্দীপকটি বেশ কয়েকবার পড়ে নিতে হবে। বিশেষ করে গ ও ঘ নং প্রশ্নের উত্তর করার আগে অবশ্যই গ এর চেয়ে ঘ নং প্রশ্নের উত্তর যেন বড় না হয় সেদিকে লক্ষ রাখবে। উদ্দীপকের গ ও ঘ নং প্রশ্নের উত্তরের প্রাসঙ্গিক বিষয়ে সম্ভব হলে কুরআন হাদিস থেকে কোটেশন দেয়া ভালো। কোটেশন আরবিতে দিলে ভালো হয়। আরবি না পারলে ভুল আরবি লিখতে যাবে না। এক্ষেত্রে বাংলা অর্থ লিখে দিলেও চলে। তবে অবশ্যই রেফারেন্স উল্লেখ করবে। সৃজনশীল প্রশ্নের উত্তর করার সময় ধারাবাহিকতা বজায় রাখবে ( ক, খ, গ এবং ঘ নং প্রশ্নের উত্তর)। উত্তরপত্রে ভালো করে উপস্থাপন একটি মুখ্য বিষয়। উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকের মনোযোগ ধরে রাখার মতো করে উত্তর লিখতে হবে। সে ক্ষেত্রে লেখার ধরন, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শুদ্ধ বানান, পরিমিত তথ্য ও তত্ত্ব থাকতে হবে। আউট লুক অবশ্যই ভালো হতে হবে। ময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। সাতটি প্রশ্নের উত্তর লিখে শেষ করা যায় এভাবে পুরো সময়কে ভাগ করে নিবে। অধিক লেখার চেয়ে প্রাসঙ্গিক বিষয় নিয়ে মানসম্মতভাবে একটু কম লেখাও ভালো।