পরীক্ষার দিন খুব ভোরে ঘুম থেকে উঠবে। হালকা নাস্তা করে পড়তে বসবে। প্রথম পরীক্ষার দিন অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে পৌঁছাবে। যাওয়ার আগে বাড়ির গুরুজনদের আশির্বাদ নিতে ভুলবে না। ফাইল ব্যাগে প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, কলম, স্কেল, বোর্ড নিয়েছ তো? হাতঘড়ি অবশ্যই নেবে। কিন্তু কেন্দ্রে মোবাইল বা অন্য কোনো ডিভাইস নেওয়া সম্পূর্ণ নিষেধ। কলমগুলো ঠিক আছে কি না চেক করে নাও। লাল কলমের ব্যবহার একেবারেই নিষেধ। কেন্দ্র দূরে হলে পরীক্ষার হলে ঢোকার পূর্ব পর্যন্ত একজনকে সাহায্যকারী হিসেবে সঙ্গে রাখবে। লজেন্স বা চুয়িংগাম চুষার অভ্যাস থাকলে তা সাথে করে নিতে পার। পরীক্ষা কেন্দ্রের ভেতরে যাওয়ার পর সিট পেতে সমস্যা হলে কর্তৃপক্ষের সহায়তা নেবে। তোমার লেখা শেষ হলেও শেষ ঘণ্টা পড়ার আগে বের হবে না। প্রয়োজনে বারবার রিভিশন দেবে। পরিদর্শককে ভয় পাবে না। মনে রাখবে, তোমাকে সাহায্য করার জন্যই তিনি কক্ষে ডিউটি দিচ্ছেন। তবে কোনো অবৈধ আবদার ওনার কাছে করবে না। শেষ ঘণ্টা পড়ার সাথে সাথে খাতা জমা দিয়ে সোজা বাসায় চলে আসবে। খাওয়া-দাওয়া ও বিশ্রাম শেষে আবার পড়তে বসবে।