পাবনার সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার সৃজনশীল প্রশ্ন সরবরাহ না থাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি বলে অভিযোগ উঠেছে। শুধু নৈর্ব্যক্তিক ৩০ মার্কের পরীক্ষা দিয়েই চলে যেতে হয়েছে তাদের। এতে করে ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।
বিষয়টি প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথ বিদ্যালয়ের সভাপতিকেও জানানোর প্রয়োজন মনে করেননি বলে ক্ষোভ প্রকাশ করেন বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহম্মেদ।
আরও পড়ুন: বাল্যবিয়ে দেওয়ার চেষ্টা, কাজির ছেলেসহ ৩ জনকে জেল
অভিযোগে জানা গেছে, সাঁথিয়ার ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ বছর ১৮৯ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নিচ্ছে। সেই ধারাবাহিকতায় শনিবার বিকাল হাফে (২টা থেকে ৫টা পর্যন্ত ) ছিল সাধারণ গণিত পরীক্ষা। যথাযথভাবে পরীক্ষা শুরু করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ৩০ মার্কের নৈর্ব্যক্তিক পরীক্ষা শেষ হওয়ার পর সৃজনশীল প্রশ্ন সরবরাহ না থাকায় ফিরিয়ে দেওয়া হয় শিক্ষার্থীদের। পরবর্তী ২৮তারিখে পরীক্ষা নেয়া হবে বলে জানিয়ে দেয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা রাগে ক্ষোভে প্রধান শিক্ষকের দায়িত্বহীনতাকেই দায়ী করেন। প্রসঙ্গত, চলতি বছরে অনুষ্ঠিত অর্ধ-বার্ষিক পরীক্ষার সময়ও প্রশ্নপত্র না থাকায় শিক্ষার্থীদেরকে পরীক্ষা না দিয়েই হল ত্যাগ করতে হয়েছিল।
এ বিষয়ে প্রধান শিক্ষক বিজয় কুমারদেবনাথকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভুলবশত ওই প্রশ্নের প্যাকেটটি আসেনি। শিক্ষার্থীদের আগামী ২৮ অক্টোবর ওই পরীক্ষা নেয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জামাল আহম্মেদ জানান, আমি ওই বিদ্যালয়ের সভাপতি অথচ আমাকেই বিষয়টি জানানো হয়নি। আপনাদের মাধ্যমে জানতে হল। এ ব্যাপারে আগামীকাল দেখব।
ইত্তেফাক/এএএম