যারা মানুষ হত্যা করেছে তাদের জনগণ ভোট দিবে না: মুজিবুল হক

রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‌‘যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বিভিন্ন সময়ে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে, তাদের আর বাংলাদেশের জনগণ ভোট দিবে না।’

বৃহষ্পতিবার সকাল থেকে দিনব্যাপী চৌদ্দগ্রামের গুণবতী ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচনী পথ সভায় তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক বলেন, ‘যারা জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করেছে, মানুষের বিপদে এগিয়ে আসেনি, গত ১০ বছর মানুষের সঙ্গে কোনো প্রকার সম্পর্ক রাখেনি তাদের কী কারণে ভোট দিবেন?’

তিনি বলেন, ‘জামায়াতের কোনো সঠিক চরিত্র নেই, নীতি নেই। এরা নিজেদের স্বার্থে যে কোনো সময় চরিত্র পরিবর্তন করে ফেলে। অতীতে তাদের মার্কা তথা প্রতীক ছিলো দাঁড়িপাল্লা, এবছর তা পরিবর্তন করে ধানের শীষ নিয়ে মাঠে নেমেছে।’

মুজিবুল হক বলেন, ‘জামায়াতের নিজস্ব কোনো যোগ্যতা কিংবা অস্তিত্ব নেই। যার কারণে বর্তমানে তারা বিএনপি কাঁধে ভর করে রাজনীতিতে নেমেছে। এরা একসময় ধর্মের দোহাই দিয়ে ভোট চাইত। কিন্তু নির্বাচিত হয়ে ইসলামের কল্যাণে কিছু করেনি।’

আরো পড়ুনঃ ট্রাম্পের অপকর্ম ঢাকার দায়ে আইনজীবী কোহেনের কারাদণ্ড

তিনি বলেন, ‘নির্বাচন এলে জামায়াত কিছু ক্যাডার বাহিনী ভাড়া করে এনে মেহমান বলে পরিচয় দিয়ে বাড়ি ঘরে আশ্রয় দিয়ে থাকে। তাই এসব মেহমান নামের ক্যাডার কারো বাড়ি ঘরে আশ্রয় নিলে কিংবা জায়গা দিলে প্রশাসনের মাধ্যমে এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ বাসস

ইত্তেফাক/কেকে