বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড পেল আর্টল্যান্ড

 

রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে সম্প্রতি বসেছিল ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ অ্যাওয়ার্ড-২০১৯’-এর আসর। এতে ওয়েডিং ফটোগ্রাফি ক্যাটাগরিতে ‘বেস্ট ফটোগ্রাফি সার্ভিস’-এর জন্য অ্যাওয়ার্ড জিতেছে আর্টল্যান্ড ফটোগ্রাফি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের উপ-প্রধান জোয়ান ওয়েঙ্গার। বাংলাদেশের ওয়েডিং ইন্ডাস্ট্রির প্রসারের জন্য প্রথমবারের মতো এ পুরস্কার প্রদান করা হয়েছে। রূপচর্চা, বিয়ের অনুষ্ঠানের পরিকল্পনা ও বিয়ের ছবি শিল্পের দেশীয় উদ্যোক্তাদের অনুপ্রেরণা দিতে প্রতি বছরই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে জানিয়েছেন উদ্যোক্তারা। একদল জুরি রূপচর্চা, বিয়ের সাজসজ্জা এবং বিয়ের ছবি বিষয়ক মনোনয়নে অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করেন। জুরি দলে ছিলেন প্রখ্যাত প্রসাধন শিল্পী ফারজানা শাকিল, কাজী আইসিটি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও কান্ট্রি ডিরেক্টর জারা মাহবুব, দ্য ডেইলি ঢাকা ট্রিবিউন-এর সম্পাদক জাফর সোবহান, দ্য ডেইলি নিউ এজ-এর ফিচার সম্পাদক কনকা করিম, প্রখ্যাত ফটো সাংবাদিক দীন মোহাম্মদ শিবলি, আইস মিডিয়া লিমিটেডের নির্বাহী পরিচালক নওশিন খায়ের এবং আইস টু ম্যাগাজিনের ফ্যাশন সম্পাদক গৌতম সাহা। আর্টল্যান্ডের চেয়ারম্যান সুফিয়ান চৌধুরী বলেন, ‘২০১২ সাল থেকে ঢাকা ও চট্টগ্রামে সেবা প্রদান করে যাওয়া আর্টল্যান্ডের বর্তমানে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এডিটিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টস—ছয়টি বিভাগে যুক্ত রয়েছেন নব্বই জনের বেশি মানুষ।  ওয়েডিং ফটোগ্রাফিতে সেরা সেবার স্বীকৃতি হিসেবে আইস টুডে আয়োজিত ‘বেস্ট ইন দ্য ওয়েডিং ইন্ডাস্ট্রিজ আওয়ার্ড ২০১৯’-এর ‘বেস্ট ফটোগ্রাফি সার্ভিস’ অ্যাওয়ার্ড পেয়ে আমরা খুবই গবির্ত।’