সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজা নগর ইউনিয়নের কেজাউরা গ্রামে শিশু তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় বাবা ও চাচাকে আবারও রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার বিকালে ৫টায় সুনামগঞ্জ জ্যেষ্ঠ জুডিশিয়াল আদালতের বিচারক শ্যাম কান্ত সিনহা তিন আসামির রিমান্ড মঞ্জুর করেন। দ্বিতীয় দফায় পিতা আব্দুল বাসিরকে পাঁচ দিন ও দুই চাচাকে তিন দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল বলেন, 'জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পক্ষ থেকে নিহত শিশুর পিতা আব্দুল বাসির ও চাচা আব্দুল মোছাব্বির ও জমশেদ আলীকে আদালতের কাছে সাত দিন করে রিমান্ডের আবেদন করা হয়। আদালত পিতার পাঁচ দিন এবং দুই চাচাকে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।'
তিনি জানান, হত্যাকাণ্ডের বিষয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের আবারো রিমান্ডে আনা হয়েছে।
এর আগে, শুক্রবার পিতা আব্দুল বাসির ও দুই চাচাকে তিন দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে পুলিশ। আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এ দিকে মঙ্গলবার নিহতের আরেক চাচা নাসির উদ্দিন ও চাচাতো ভাই শাহরিয়ার ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
এ ঘটনায় প্রথমে সন্দেহভাজন হিসেবে বাবা চাচা চাচী চাচাতো বোন ও চাচাতো ভাইকে আটক করে পুলিশ। পরে পাঁচ জনকে গ্রেফতার দেখিয়ে চাচী ও চাচাতো বোনকে ছেড়ে দেওয়া হয়। হত্যাকাণ্ডের পর দিন শিশু তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতনামা কয়েক জনকে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করেন। পরে ঐ মামলায় তুহিনের বাবাসহ ৫ জনকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/জেডএইচডি