শান্তি সুখের ঝুলি

স্বাধীনতা দুষ্টু খোকার

লাটাইছেঁড়া ঘুড়ি

বাক্সভরা ডাংগুলি আর

গুলতিছোঁড়া নুড়ি।

 

স্বাধীনতা ছোট্ট খুকির

খেলনা পুতুল শাড়ি।

ধুল-বালিতে রান্না-বাড়া

নকশা আঁকা হাঁড়ি।

 

স্বাধীনতা মিষ্টিমায়ের

আদরমাখা বুলি

থালায় রাখা দুধমাখা ভাত

শান্তি সুখের ঝুলি।

 

স্বাধীনতা ব্যস্তবাবার

বাজারভরা থলি

ছুটির দিনের গল্প-কথা

এবং গলাগলি।