বিজয় মানে একটি ভাষণ—স্বাধীনতার ডাক,
বিজয় মানে ছলাত্ ছলাত্ হাজার নদীর বাঁক।
বিজয় মানে নজরুলের ওই শিকল ভাঙার গান,
বিজয় মানে রক্তে লেখা তিরিশ লক্ষ প্রাণ।
বিজয় মানে বীরাঙ্গনা ভাই হারানো বোন,
বিজয় মানে স্বপ্নে ঘেরা স্বাধীনচেতা মন।
বিজয় মানে রক্তে কেনা একটি নতুন দেশ,
বিজয় মানে লাল-সবুজের স্বাধীন বাংলাদেশ।