বরগুনায় মাদক মামলায় জাবের গাজী নামে একজনের ৮ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ইসমাইল হোসেন এ আদেশ দেন।
বরগুনার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ্যাড. মো. আক্তারুজ্জামান বাহাদুর জানান, ২০১৮ সালের ২০ মে জেলার আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামের আব্দুল গাজীর ছেলে জাবের গাজীকে ১৫১ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে পুলিশ। ওইদিন আমতলী থানার উপ-পরিদর্শক রাসেল মাহমুদ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত জাবের গাজীকে ৮ বছর কারাদণ্ড এবং একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দেন।
ইত্তেফাক/আরকেজি