ক্যাম্পাস প্রতিবেদক
বিপুল আনন্দ-উচ্ছ্বাস আর উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৭০তম স্নাতক ব্যাচের সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে সদ্য পাশ করা ৩০০ জন স্নাতক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পার্ক ও লেক সম্ব্বলিত দৃষ্টিনন্দন ক্যাম্পাসে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এম রবিউল ইসলাম।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রবের সভাপতিত্বে সদ্য স্নাতক পাশ করা শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, বিজনেস অনুষদের ডিন অধ্যাপক ড. খায়ের জাহান সোগরা, কলেজ অব আর্টস অ্যান্ড সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল খায়ের, রেজিস্ট্রার অধ্যাপক লুত্ফর রহমান, আইইউবিএটির প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিসের পরিচালক এ কে এম শরফুদ্দীন এবং অ্যালামনাই, রোটারিয়ান সুলতান মঈন আহমেদ রবিন। এছাড়াও পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করে বক্তব্য দেন সদ্য স্নাতকগণ।
উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উল্লেখ করে বলেন, আপনারা যেখানেই যান বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির দায়িত্ব পালন করবেন। তিনি বিদায়ী শিক্ষার্থীদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য পরামর্শ প্রদান করেন। আলোচনাসভা শেষে বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট উপহার দেওয়া হয়। এতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং উপস্থিত ছাত্র-শিক্ষক-কর্মকর্তারা এক প্রীতিভোজে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি আইইউবিএটির প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাই অফিস পরিচালনা করে।