সফল উদ্যোক্তা এইচ. এম. মইনউদ্দিন আহমেদের জন্ম পটুয়াখালী জেলায়। পেশায় একজন প্রফেশনাল অ্যাকাউটেন্ট। প্রফেশনাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির স্বপ্ন নিয়ে নতুন প্রজন্মের জন্য প্রতিষ্ঠা করেছেন লিসেনারস অ্যান্ড স্পিকারস ফোরাম। তান গল্প জানাচ্ছেন রিয়াজ হোসাইন
শুরুর গল্প
কর্মজীবনের শুরু করেন জিএসএস এনজিওর মাধ্যমে। এরপর ল্যাবএইড গ্রুপ ও ডানকান গ্রুপের ইউনাইটেড ফাইনান্স, হোসাপ গ্রুপ এবং ভিয়েল্ডাটেক্স গ্রুপের সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে কাজ করেন। এর মধ্যে কাজ করেছিলেন একটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মের কনসাল্টেন্ট হিসেবে। প্রফেশনাল নেটওয়াকিং তার শখের জায়গা। এক্ষেত্রে দক্ষ ও যোগ্য জনশক্তি তৈরিতে সরাসরি ভূমিকা রাখতে চান। আর সে লক্ষ্যে এগিয়েও যান পরিকল্পিতভাবে। দেশের গার্মেন্টস ও টেক্সটাইলস সেক্টরের প্রসেস উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং যাবেন ভবিষ্যতেও।
এলএসএফ-এর শুরুটা যেভাবে
২-এ ২ মিলে ৪ না হয়ে ২২ বা তার বেশি হওয়া উচিত, যখন নেটওয়ার্কের সঠিক ব্যবহার হয়। এই বিশ্বাসের ওপর ভিত্তি করে এলএসএফ-এর সৃষ্টি। শুরু থেকেই প্রতিষ্ঠানটি কর্পোরেট ও ট্রেনিং সেক্টরে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছে। কারণ দেশসেরা ট্রেনারস এবং কর্পোরেট লিডারদের সঠিক দিকনির্দেশনায় তৈরি হচ্ছে যোগ্য ভবিষ্যত্ লিডার। তাই এলএসএফ প্রশিক্ষিত গ্র্যাজুয়েটরা তাদের যোগ্যতা দিয়ে কর্পোরেট জগতে দারুণ সমাদৃত হচ্ছেন। লিসেনারস এবং স্পিকারস ফোরাম থেকে এলএসএফ-এর নামকরণ। কারণ একজন পরিপূর্ণ লিডার হওয়ার প্রথম শর্ত আপনাকে শুনতে হবে, ভালোভাবে শোনার পরে বলতে হবে। এলএসএফ গ্র্যাজুয়েটরা বেসিক কর্পোরেট কমিউনিকেশন এবং লিডারশিপ স্কিলস, বিজনেস প্রসেস সম্পর্কে বাস্তব ধারণা পাচ্ছে। এর মধ্যে পড়ে প্রতিষ্ঠানের লিগ্যাল ডকুমেন্টেশন, স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা কৌশল, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের অপারেটিং প্রসেস, রিস্ক ম্যানেজমেন্ট, রিপোর্ট মেট্রিক্স, অডিট, ট্যাক্স, ভ্যাট, এক্সেল, বিভিন্ন সফটওয়্যারের বেসিক ধারণা দেওয়া হয়। সঙ্গে ফ্যাক্টরি ভিজিট করে প্রোডাকশনের প্রসেস দেখে বাস্তবে শেখার সুযোগ পাচ্ছে।
এলএসএফ গঠনের উদ্দেশ্য
শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশায় কর্মরত পেশাজীবীদের সমন্বয়ে একটা শক্তিশালী নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সুন্দর শেখার পরিবেশ তৈরি করাই এলএসএফের উদ্দেশ্য। চাকরি ও ব্যবসার উপযোগী করে তৈরি করতে প্রশিক্ষণ প্রদান ও বিভিন্ন প্রতিষ্ঠানের বিজনেস প্রসেস উন্নয়নে কাজ করে থাকে প্রতিষ্ঠানটি। এছাড়া খুবই স্বল্প সময়ে দেশের শীর্ষস্থানীয় ট্রেনার এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এলএসএফ-এর আয়োজিত ট্রেনিং-সেমিনার এবং ওয়ার্কশপে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে তারা।
আন্তর্জাতিক অঙ্গনে অর্জন
ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস এলএসএফকে ২০১৭ সালে ১০০ মোস্ট ইনফুলেন্সিয়াল লিডার হিসেবে ‘গ্লোবাল ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিডারশিপ অ্যাওয়ার্ড’-এ ভূষিত করে।
ভবিষ্যত্ পরিকল্পনা
নেটওয়ার্কিংয়ের মাধ্যমে দক্ষ তারুণ্য গড়ার লক্ষ্যে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইলস সেক্টরের প্রসেস উন্নয়নে কাজ করতে চাচ্ছেন মইনউদ্দিন। বাংলাদেশ এখন দক্ষ জনশক্তি, টেকনিক্যাল এবং প্রফেশনাল দিক থেকে যথেষ্ট স্বাবলম্বী। তাই এই সেক্টরে আর বিদেশিদের ওপর নির্ভরতা মোটেই কাম্য নয়। সেক্টরের সিনিয়র লিডারদের বন্ধন এবং শক্তিশালী নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম করার জন্য সম্প্র্রতি তারা ‘অ্যাপারেল এক্সিকিউটিভ ক্লাব, বাংলাদেশ’ গঠন করেছেন। ক্লাবটির লিগ্যাল ফরমেশন প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।