আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৫ জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার উজান পাড়া গ্রামে মাটিকাটা কলেজের পাশে নির্মাণাধীন ভবন থেকে গোপনে বৈঠক করার সময় তাদের আটক করা হয়। 

আটক জুয়েল মোল্লা (২৫) আনসারুল্লাহ বাংলা টিমের খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান ও শহিদুল ইসলাম (৩৯) সক্রিয় সদস্য। জুয়েল মোল্লা বাগেরহাট জেলার ফকির হাট উপজেলার দিয়া পাড়া গ্রামের আব্দুর রশিদ মোল্লার ছেলে ও শহিদুল ইসলাম খুলনা জেলার রূপসা থানার দক্ষিণ খাজা ডাঙ্গা গ্রামের মৃত সোবভান হাওলাদারের ছেলে।

র‌্যাব-৫ এর অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম জানান, উজান পাড়ায় নির্মাণাধীন ভবনটিতে ৮/৯ জন গোপন বৈঠকের সময় দুইজনকে আটক হলেও অন্যরা পালিয়ে যায়। এ সময় উগ্রবাদী বই, লিফলেট, পতাকা, বিশেষ ডাইরি, মোবাইল ফোন, নগদ টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: স্কুল প্রধানদের কাছে প্রতারকদের চিঠি, ব্যবস্থা নেয়নি মন্ত্রণালয়

তিনি আরও জানান, তারা রাজশাহী অঞ্চলে আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম জোরদার ও রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড চালাতে গোপন বৈঠক করছিল। আটককৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ইত্তেফাক/এসি