কোটালীপাড়ায় ইউপি চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা

কোটালীপাড়া উপজেলায় ইউপি চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈসহ ৩ জনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা করা হয়েছে। বুধবার চেয়ারম্যানের বাবা উপেন্দ্রাথ বাড়ৈ উপজেলার ধারাবাশাইল বাজারের ওষুধ ব্যবসায়ী সশীম কুমার রায়কে প্রধান আসামি করে ১৬জনের বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন।

গত মঙ্গলবার বিকেলে কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ (৪৫), ওই ইউনিয়নের সচিব মোহনচাঁদ মজুমদার ও ৫নং ওয়ার্ডের মেম্বার সিদ্ধার্থ বাড়ৈ (৪২) নয়াকান্দি গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজ দেখে ধারাবাশাইল বাজারে ফেরার পথে মাচারতারা নামকস্থানে এসে পৌছালে কয়েকজন সন্ত্রাসী তাদের গতিরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে।

আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্মব্যরত চিকিৎসক দুজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে উত্তম কুমার বাড়ৈ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে ইউপি সদস্য সিন্ধার্থ বাড়ৈকে খুলনা মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। এছাড়া সচিব মোহনচাঁদ মজুমদাকে কোটালীপাড়া স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়।

সন্ত্রাসী হামলার বিষয়ে জানার জন্য মামলার প্রধান আসামি সশীম কুমার রায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর পিতা উপেন্দ্রনাথ বাড়ৈ বলেন, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে যারা সন্ত্রাসী হামলা চালিয়ে ছিল আমি তাদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো: জাকারিয়া বলেন, পুলিশ আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইত্তেফাক/আরকেজি