ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ওরফে ভিপি মুসা (৪৭) মৃত্যুবরণ করেছেন (ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে মৃত্যুবরণ করেছেন তিনি। তিনি ফরিদপুরের-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরীর (নিক্সন) সমর্থিত চেয়ারম্যান ছিলেন।
এদিকে খবর পেয়ে ঢাকা থেকে বুধবার এমপি নিক্সন চৌধুরী চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত প্রথম জানাজা নামাজে শরিক হন।
জানাজার পূর্বে উপজেলা চেয়ারম্যানের স্মৃতিচারণ করে নিক্সন চৌধুরী বলেন, ‘মোশাররফ হোসেন শুধু একজন বিচক্ষণ উপজেলা চেয়ারম্যানই ছিলেন না ,একজন ভালো মনের মানুষ ছিলেন। জনগণের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি চরভদ্রাসন উপজেলাকে কিভাবে সাজাবেন সবসময় সেই চিন্তা করতেন। আমরা সবসময় ভাইয়ের মত থাকতাম। তার এই অকাল মৃত্যুতে আমার রাজনৈতিক জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এমপি নিক্সন চৌধুরী।
জানাজা নামাজ শেষে ভিপি মোসার বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন এমপি। দুপুর ১২ টার দিকে চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাজা ও ৩য় জানাজা তার সাবেক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি ইয়াছিন কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। মুসা ১৯৯৬-৯৭ সালে ঐ কলেজের ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।
আরও পড়ুন: মেঘনায় ইলিশ শিকারের দায়ে ৪ জেলের কারাদণ্ড
ভিপি মোসা মঙ্গলবার সন্ধায় চর হরিরামপুর ইউনিয়নের বাসিন্দা সৈয়দ আলী ব্যাপরির জনাযায় অংশ নিতে যান। সেখান থেকে মোটরসাইকেল ফেরা পথে বুকে ব্যথা অনুভব করনে। তখন তার সঙ্গে থাকা লোকজন তাকে হরিরামপুর থেকে নৌকায় করে অন অন্যপারে নিয়ে আসনে। এরপর তাকে ফরদিপুর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করনে।
উপজেলার হরিরামপুরের মৃত হোসেন আলী শেখের ৪ ছেলের মধ্যে কনিষ্ঠ সন্তান তিনি। ব্যক্তি জীবনে অবিবাহিত মোশাররফ হোসেন বৃদ্ধা মা রহিমা খাতুনকে নিয়ে তেলেডাঙ্গীতে বসবাস করতেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, ঐ দিন তিনটি স্থানে জানাজা শেষে গাজীরটেক ইউনিয়নের চর অযোদ্ধ্যা তেলেডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে বিকাল সাড়ে ৩ টার দিকে দাফন করা হয়।
এদিকে জনপ্রিয় এই উপজেলা চেয়ারম্যান এর অকাল মৃত্যুতে সমগ্র উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার মরহুমের বাড়িতে উপস্থিত হয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ উপজেলা চেয়ারম্যানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে।
ইত্তেফাক/এএএম