হলগুলোতে দীর্ঘদিনের সমস্যা দূর করা হবে : ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে বিভিন্ন দীর্ঘদিন ধরে গড়ে ওঠা সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বুধবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক সভায় এসব কথা বলেন তিনি। আবাসিক হল এবং হোস্টেল প্রশাসনের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

উপাচার্য বলেন, আবাসিক হলগুলোর সমস্যা সমাধানে হল প্রশাসনকে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। হলে কোনভাবেই অছাত্রদের অবস্থান করতে দেওয়া হবে না। একইসাথে ১ম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে শূন্য আসনে সিট বরাদ্দ করতে হবে। আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের নিয়ে সমন্বিতভাবে হল প্রশাসনকে কাজ করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: কক্সবাজার জেলা প্রশাসকসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

হল প্রশাসনের সকল উদ্যোগে হল সংসদকে সম্পৃক্ত করতে হবে জানিয়ে উপাচার্য আবাসিক হলসমূহে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে নিয়মিত ফ্লোর পরিদর্শনের জন্য তিনি আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও সহকারী আবাসিক শিক্ষক এবং প্রক্টর বক্তব্য রাখেন।

  ইত্তেফাক/এএএম