আইএমওর টর্মেলিনো ঘোষণায় বাংলাদেশের স্বাক্ষর

জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমওর (আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা) সদস্য দেশগুলোর মন্ত্রী পর্যায়ের সম্মেলনে কেপটাউন চুক্তি অনুমোদনে টর্মেলিনো ঘোষণায় স্বাক্ষর করেছে বাংলাদেশ। বুধবার স্পেনের ভূমধ্যসাগর তীরবর্তী পর্যটন শহর টর্মেলিনোর কংগ্রেস হলে আইএমও, এফএও, পিইও- এর যৌথ আয়োজনে মন্ত্রী পর্যায়ের সম্মেলনে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা আইএমওর মহাসচিব কিটাক লিমের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে টর্মেলিনো ঘোষণা পত্রে স্বাক্ষর করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডোর সৈয়দ আরিফুল ইসলাম এবং আইএমওতে নিযুক্ত বাংলাদেশ সরকারের পলিসি উপদেষ্টা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, স্পেনে নিযুক্ত অর্থনৈতিক কাউন্সিলর রেদোয়ান আহমেদ। 

উল্লেখ্য, আইএমওর মহাসচিব কিটাক লিম ও জাতিসংঘ মহাসচিবের সমুদ্র বিষয়ক দূত পিটার টমাসের উপস্থিতিতে বিশ্বের ৭০টি দেশের মন্ত্রীবর্গ ছাড়াও ১২৫টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি এই সম্মেলনে যোগ দিয়েছেন। 

এপর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ৫০টিরও অধিক দেশ টর্মেলিনো ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে যা ২০২২ সালের মধ্যে কেপটাউন ২০১২ চুক্তির আলোকে মাছ ধরার নৌযান ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব আইন প্রণয়নে জাতিসংঘের সদস্য দেশসমূহকে আগাম প্রস্তুতি নিতে ও আইন প্রণয়নে তাদের অনুমোদন দিতে উৎসাহিত করবে।

ইত্তেফাক/আরকেজি