বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, চলমান ক্যাসিনোবিরোধী অভিযানের জন্য সরকারকে স্বাগত জানাই। কিছু চুনোপুঁটিকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা ওমর ফারুক চৌধুরী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোল্লা মোহাম্মদ আবু কাওছারদের অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু তাতে জনগণ সন্তুষ্ট নয়। কারণ, জনগণ এসব চুনোপুঁটির অপসারণ চায় না। জনগণ চায় এই অবৈধ সরকারের অপসারণ। এই সরকার দেশের সব সংকটের উত্স। এদের বিদায় ঘটলেই দেশে শান্তি ফেরবে।
গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। সাবেক ছাত্রদল নেতারা এই কর্মসূচির আয়োজন করে।
আরো পড়ুন: আবরারের রুমমেট মিজান ৫ দিনের রিমান্ডে
মির্জা আব্বাস ভোলার বোরহানউদ্দিনের সহিংসতার ঘটনা উল্লেখ করে বলেন, স্বাধীনতা আজ কোথায় গেল? কেউ স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারছে না। ভোলায় নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু খুলনায় একজন সাংবাদিক এ নিয়ে কথা বলায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হলো। এই কি তবে আমাদের বাক্স্বাধীনতা? ভারতকে ফেনী নদীর পানি দেওয়ায় এখন ফেনী নদী শুকিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন, দেশটা আজ প্রায় শেষ! শুধু পানি নয়, এ সরকার মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে অনুষ্ঠানে সাবেক ছাত্রনেতাদের মধ্যে বক্তব্য রাখেন আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, খায়রুল কবির খোকন, আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, কামরুজ্জামান রতন, নাজিমউদ্দিন আলম, সুলতান সালাউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
ইত্তেফাক/বিএএফ