ট্রাম্পকে অভিশংসনে সমর্থন বাড়ছে

ডেমোক্রেটিক বা রিপাবলিকান পার্টির সমর্থক নন, এমন রাজনৈতিক নিরপেক্ষদের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনে সমর্থন বাড়ছে বলে বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসসের এক জরিপে দেখা গেছে।

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে প্রেসিডেন্টকে অভিশংসনে সমর্থনের পরিমাণ তিন শতাংশের মতো বেড়েছে; অনেক রিপাবলিকানই বিদেশি হুমকি মোকাবিলায় ট্রাম্পের পদক্ষেপে অসন্তুষ্টির কথাও বলেছেন।

অক্টোবরের ১৮-২২ তারিখ পর্যন্ত চালানো এ জরিপে গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন গণমাধ্যমে প্রেসিডেন্টের অভিশংসন সংক্রান্ত কংগ্রেশনাল শুনানি ও সিরিয়া থেকে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এসব ইস্যুতে মার্কিন প্রশাসনের প্রতি মানুষের অনাস্থার হারও বাড়ছে বলে জরিপে দেখা গেছে।

আরো পড়ুন: কাশ্মীর ইস্যুতে ভারতের কড়া সমালোচনায় মার্কিন কংগ্রেস

এবারের জরিপে অংশ নেওয়া ৪ হাজার ৮৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে ১ হাজার ৭৭৩ জন ডেমোক্র্যাট, ১ হাজার ৫৪২ জন রিপাবলিকান ও ৪৪৭ জন নিরপেক্ষ ছিলেন বলে জানিয়েছে রয়টার্স/ইপসস।

সব মিলিয়ে ৪৬ শতাংশ মার্কিন প্রেসিডেন্টের অভিশংসন প্রক্রিয়ায় সমর্থন জানিয়েছেন; অন্যদিকে ৪০ শতাংশ বলছেন, তারা এর বিরোধী। রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে অভিশংসনের পক্ষে-বিপক্ষে অবস্থান আগের জরিপগুলোর মতো প্রায় একই।

ইত্তেফাক/এমআর