শ্যামনগরে বিআরটিসি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে বাবলু শেখ (৪৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে শ্যামনগর-মুন্সিগঞ্জ সড়কের মনসুর সরদার গ্যারেজ নামক স্থানে।
তিনি শ্যামনগর ইউনিয়নের হায়বাতপুর গ্রামে মৃত আব্দুর রহমান শেখের ছেলে। এসময় মোটরসাইকেলে আরোহী মিনতী রানী ও তার ছেলে সন্দীপ রায় গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আব্দুর রহমান জানায়, মোটরসাইকেল চালক যাত্রী নিয়ে শ্যামনগর থেকে মুন্সিগঞ্জ যাওয়ার সময় মুনসুর সরদার গ্যারেজে পৌঁছালে বিপরীত দিক থেকে বিআরটিসি পরিবহন (ঢাকা মেট্রো- ১১-১৯২৩) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাবলু শেখের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর আহত আরোহী মিনতী রানী ও তার ছেলে সন্দীপ রায়কে শ্যামনগরে রিডা প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। কিন্তু চালক পালিয়ে গেছে বলে ওসি জানান। লাশ মর্গে পাঠনো করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি