‘১৫ হাজার কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমানবন্দরের কাজ শিগগিরই’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় ১৫ হাজার কোটি টাকা ব্যয়ে আগামী বছরের প্রথম দিকে সৈয়দপুর বিমানবন্দরের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী (এমপি)। তিনি বলেন, এটি আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীত করা হবে। এই বিমানবন্দর আন্তর্জাতিক মানের হলে এখানকার সবকিছুই আন্তর্জাতিক মাত্রা পাবে এবং অর্থনীতি সবচেয়ে গতিশীল হবে। 

বৃহস্পতিবার দুপুরে নীলফামারী জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সৈয়দপুর বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে উন্নীতকরণের লক্ষ্যে ভূমি অধিগ্রহণসহ বিভিন্ন সংস্থার বিদ্যমান স্থাপনা সমূহ হস্তান্তরের বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর করতে গিয়ে ভূমি অধিগ্রহণে যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সম্মানজনক অবস্থায় পুনর্বাসিত করা হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানও পূন:প্রতিষ্ঠিত করা হবে। এখান থেকে আমেরিকা, নিউইয়র্ক, ভারত, নেপাল ও ভুটানসহ আশপাশের দেশেও বিমান চলাচল করবে।

আরও পড়ুন: ভর্তি পরীক্ষা আসলেই ভোগান্তি কমানোর আশ্বাস শাবি প্রশাসনের

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নুর এমপি, নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আদেলুর রহমান এমপি ও দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য মোস্তাফিজার রহমান ফিজার এমপি।

সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান, সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্মামী, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরীসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএএম