পাকিস্তানে সরকার বিরোধী আন্দোলনে মাথা নত করে পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দল জামিয়াত উলেমা-ই-ইসলামের ডাকা আন্দোলনের জবাবে বৃহস্পতিবার এ কথা ঘোষণা দিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
ইমরান খান বৃহস্পতিবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউিন’ কে বলেন, আমার পদত্যাগের প্রশ্নই আসে না। আমি পদত্যাগ করছিও না। দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চালিয়ে যাওয়া ইমরান এই আন্দোলনকে এজেন্ডা নির্ভর ও বিদেশি চক্রান্ত বলে উল্লেখ করেছেন।
মুদ্রাস্ফীতি, বেকারত্ব ও পররাষ্ট্রনীতি বিষয়ে পাক প্রধানমন্ত্রীর সমালোচনা করে উলেমা-ই-ইসলামের আমির ফজল-উর-রেহমান সরকার বিরোধী আন্দোলনের ডাক দিয়েছেন। এ আন্দোলনে সমর্থন জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও বেনজির ভুট্টোর নেতৃত্বাধীন বিরোধী দলগুলো।
গত বছর কারচুপির নির্বাচন করে সেনাবাহিনী ইমরানকে ক্ষমতায় বসিয়েছে বলে দাবি করে রেহমান রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা ইসলামাবাদে পদযাত্রার সিদ্ধান্ত নিয়েছি। তাদের শাসনের অধিকার নেই, অবিলম্বে তাদের পদত্যাগ দাবিই আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য।’
আরও পড়ুন: ‘১৫ হাজার কোটি টাকা ব্যয়ে সৈয়দপুর বিমানবন্দরের কাজ শিগগিরই’
প্রবীণ রাজনীতিবিদ রেহমান জাতীয় সংসদ ও প্রাদেশিক পরিষদের বেশ কয়েকটি আসনে জোটের নেতৃত্ব দিয়েছেন। তবে দেশ জুড়ে অসংখ্য মাদ্রাসায় সমর্থন আদায়ের দক্ষতা তার প্রভাব বিস্তারের প্রধান উৎস।
এদিকে আন্দোলনের অংশ হিসেবে জমিয়াত উলেমা-ই-ইসলামকে মিছিলের অনুমতি দেওয়া হবে বলে বুধবার জানিয়েছে পাক প্রধানমন্ত্রীর দপ্তর। তবে কোন ধরণের আইনের লঙ্ঘন সহ্য করা হবে না বলেও হুশিঁয়ারী দিয়েছে সরকার।
ইত্তেফাক/এসইউ