রাজশাহীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে সিএনজি থেকে ফেলে হত্যার চেষ্টার মামলার প্রধান আসামি স্বামী গোলাম মর্তুজা রনিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানার শাপলা চত্বর মুন্সি ভিলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে দুর্গাপুর উপজেলার দাওকান্দি গ্রামের মোসলেম আলীর মেয়ে নাজমুল নাহার পুতুলের (২৫) সঙ্গে বাগমারা উপজেলার বড়বিহানলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে গোলাম মর্তুজা রনির (৩০) বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের জন্য পুতুলের উপর নির্যাতন করা হয়। এ অবস্থায় তাকে পাঁচ লাখ টাকা যৌতুক দেওয়া হয়। এরই মধ্যে তাদের একটি সন্তান হয়। এরপর আরও পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য নির্যাতন চলায় স্বামী। এরই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর রাত ৯টার দিকে শহরের ভাড়া বাসায় আসার পথে পবা উপজেলা গেটের সামনে পুতুলকে সিএনজি থেকে ফেলে হত্যার চেষ্টা করে আসামিরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুতুলের ভাই কামরুল হাসান মাহফুজ নগরীর শাহ্ মখদুম থানায় একটি মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি পোস্ট, যুবক গ্রেফতার
মামলার তদন্ত কর্মকর্তা ও শাহ্ মখদুম থানার উপ-পরিদর্শক (এস.আই) আক্তারুজ্জামান বলেন, ‘এ মামলার ৩ জন আসামিই ঘটনার পর থেকে পলাতক। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রনির অবস্থান সনাক্তের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। অপর দুই আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
ইত্তেফাক/এএএম