বাঁশখালী সংঘর্ষ: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিটের শুনানি আজ
চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়েরকৃত রিট আবেদনের ওপর আজ সোমবার হাইকোর্টে শুনানি হতে পারে।
রবিবার রিটকারী আইনজীবী আবেদনটির শুনানির দিন ধার্যের প্রার্থনা করলে তা কার্যতালিকায় অন্তর্ভুক্তির নির্দেশ দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দাখিল করেন। রিটে বাঁশখালীর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়। একই সঙ্গে নিহত ও আহত শ্রমিকদের পরিবারপ্রতি পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের জন্য আদালতের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। এতে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, শিল্পসচিব, বাণিজ্যসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
এর আগে ২২ এপ্রিল নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে ৩ কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।
গত ১৮ এপ্রিল শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। নোটিশে পুলিশের গুলিতে নিহত প্রত্যেক পরিবারকে তিন কোটি টাকা ও আহত প্রত্যেকের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া নিহত ও আহত শ্রমিকের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নোটিশে।
বেতনভাতা নিয়ে অসন্তোষ থেকে গত ১৭ এপ্রিল চট্টগ্রামের বাঁশখালীতে কয়লা বিদ্যুৎকেন্দ্রে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ শ্রমিক নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। এদিকে সংঘর্ষের ঘটনায় তিন পুলিশ কনস্টেবলও আহত হয়েছিলেন।
ইত্তেফাক/জেডএইচডি


