বার কাউন্সিল ইন্টিমেশন জমা দেবেন যেভাবে

বার কাউন্সিল ইন্টিমেশন জমা দেবেন যেভাবে
ফাইল ছবি।

বার কাউন্সিলের নিবন্ধনভুক্ত আইনজীবী হতে হলে কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। অনুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) সম্পন্ন হলে দেরি না করে এখনই বার কাউন্সিলে আপনার ইন্টিমেশন (সদস্যপদ পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র) জমা দিন।

ইতোমধ্যে বার কাউন্সিল কর্তৃপক্ষ লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর দ্রুতই এমসিকিউ পরীক্ষা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে। ইন্টিমেশন যত আগে জমা দিতে পারবেন আপনার এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের সম্ভাবনা তত বেশি থাকবে। কারণ ইন্টিমেশন জমা দেওয়ার সময় ৬ অতিবাহিত না হলে বার কাউন্সিল কর্তৃপক্ষ এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয় না।

প্রতি বছর বার কাউন্সিলে আইনজীবী অন্তর্ভুক্তির পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার নিয়ম থাকলে দুই থেকে তিন বছরে একবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে দেরিতে ইন্টিমেশন জমা দেওয়ার ফলে পরীক্ষায় বসার জন্য আপনাকে দুই থেকে তিন বছর অপেক্ষা করতে হতে পারে। এবার জেনে নেওয়া যাক ইন্টিমেশন জমা দেওয়ার পদ্ধতি।

প্রথম ধাপ: প্রথমে ঢাকাস্থ বাংলা মোটরে বার কাউন্সিলের (রুপায়ন ট্রেড সেন্টার) অফিস যেতে হবে। এই ভবনের ৫ তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) থেকে একটা নীল ও হলুদ রংয়ের টাকা জমাদানের রশিদ সংগ্রহ করতে হবে। চাইলে এই রশিদ এসআইবিএলের যেকোনো শাখা থেকে সংগ্রহ করা যাবে। প্রয়োজনীয় তথ্য পূরণ করে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। এরপর বার কাউন্সিল অফিসে এই রশিদ দেখিয়ে ৩ পাতার ইন্টিমেশন ফরম সংগ্রহ করতে হবে। সঙ্গে ১০০ টাকা মূল্যের দুটি নন জুডিশিয়াল স্ট্যাম্প সংগ্রহ করা হলে প্রথম ধাপের কাজ শেষ।

দ্বিতীয় ধাপ : ইন্টিমেশন ফরমটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। ১০০ টাকা মূল্যের স্ট্যাম্প দুটিতে বার কাউন্সিলের দেওয়া এফিডেভিটের নমুনা কপির নির্দিষ্ট তথ্য প্রদান শেষে স্ট্যাম্পের উপর একটি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত হবে। ইতোমধ্যে ১০ বছর আইন পেশায় যুক্ত আছেন এমন একজন আইনজীবীর কাছ থেকে পাসপোর্ট সাইজের ৫ কপি ছবি (কালো কোর্ট, টাই ও সাদা শার্ট পরিহিত); মাধ্যমিক পরীক্ষার নম্বর ও সনদপত্রের ফটোকপি; উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর ও সনদ পত্রের ফটোকপি; জাতীয় পরিচয়পত্রের ফটোকপি; এলএলবি (সম্মান) পরীক্ষার সনদ ও নম্বরপত্রের ফটোকপিসহ প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত করতে হবে।

তৃতীয় ধাপ: আইনজীবীর সত্যায়িত সব কাগজপত্র ফটোকপি করে নিতে হবে। ফটোকপি এবং মূলকপির বাংলা মোটরের দক্ষিণ পরিবাগের বোরাক টাওয়ারের বার কাউন্সিলের দ্বিতীয় শাখায় যেতে হবে। ওখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মূলকপি রেখে ফটোকপি সেটে রিসিভ সিল দিয়ে আপনাকে ফেরত দেবে। আপাতত আপনার কাজ শেষ।

চতুর্থ ধাপ: আপনার ইন্টিমেশন জমা দেওয়ার ৬ মাস অতিবাহিত হলে বোরাক টাওয়ারের বার কাউন্সিল অফিসে রিসিভ কপি অনলাইনে চেক করে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে দেবে। আর যদি কোনো কাগজপত্র জমা দিতে বাকি থাকে সেক্ষেত্রে ওই কাগজপত্র দেওয়ার পরে আপনাকে রেজিস্ট্রেশন কার্ড দিবে। রেজিস্ট্রেশন কার্ড হাতে পাওয়ার পর বার কাউন্সিলে এমসিকিউ পরীক্ষার তারিখ ঘোষণা হলে আপনাকে ফরম ফিলাপ করতে হবে। তাহলে আপনার পরীক্ষা দিতে আর কোনো বাধা থাকবে না। এই রেজিস্ট্রেশনের মেয়াদ আগামী ৫ বছরের জন্য প্রযোজ্য হবে।

ইত্তেফাক/ইউবি

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x