বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, একথা কেউ বিশ্বাস করে না: কাদের

বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, একথা কেউ বিশ্বাস করে না: কাদের
ওবায়দুল কাদের [ছবি: ফেসবুক]

বিএনপি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে তা এখন আর কেউ বিশ্বাস করে না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মুখে গণতন্ত্র প্রতিষ্ঠার ফাঁকা বুলি ছাড়লেও নিজ দলের গণতন্ত্রহীনতা চোখে আঙ্গুল দিয়ে বিএনপিকে দেখিয়ে দিয়েছেন তাদেরই সমর্থিত একজন বুদ্ধিজীবী।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)’র প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে একথা বলেছেন।

মন্ত্রী বলেন, এরই মধ্যে বিএনপির থলের বিড়াল এক এক করে বের হতে শুরু করেছে। বিএনপি দিনরাত সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে, বিষোদগার করছে। শেখ হাসিনা সরকার তা সহ্য করে যাচ্ছে উদারতা দিয়ে। এসময় বিএনপিকে পরশ্রীকাতর এবং অসহিষ্ণু রাজনীতির ধারক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজনীতি আর মিথ্যাচার বিএনপিকে হতাশায় নিমজ্জিত করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, তাদের প্রতি জনগণের আস্থাহীনতার সংকটের জন্য বিএনপির অপরাজনীতিই দায়ী।

জিয়ার মরদেহ নিয়ে বিএনপিই আবোল-তাবোল বকছে: কাদের

এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিআরটিএ’র কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এসময় বিআরটিএ’র চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স প্রদান জরুরি হয়ে পড়েছে।

তিনি বলেন, ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিলম্ব তথা ধীরগতি আমাদের সকল অর্জনকে ম্লান করে দিয়েছে, তাই কোনভাবেই আর বিলম্ব করা যাবে না। মন্ত্রী বাংলা ভাষায় লাইসেন্স তৈরি করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের যানবাহনে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্ব দিয়ে বলেন, এ বিষয়ে বিআরটিএকে সারাদেশে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।

এসময় ওবায়দুল কাদের বিশ্বব্যাংকের প্রতি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সড়ক নিরাপত্তার (Road safety) মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করা দু:খজনক। তাদের কথার সাথে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করবো।

ইত্তেফাক/এসজেড

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x