আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ০৬, ২০২১, ২৩ বৈশাখ ১৪২৮দিনাজপুরে টম্যাটোর ভালো ফলনেও বিপাকে কৃষক
মতিউর রহমান, দিনাজপুর অফিস
দিনাজপুর জেলায় এবারেও টম্যাটোর ভালো ফলন হয়েছে; কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে টম্যাটোর দাম না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষকরা। লকডাউনসহ বিভিন্ন কারণে পরিবহনে ভাড়া বেশি ও বাইরের ব্যবসায়ীদের সংখ্যা কমে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। তারা বলছেন, প্রতিদিনই পাইকারি বাজারে টম্যাটোর দাম কমছে। গাবুড়া হাটে দুই দিন আগেও যে টম্যাটো বিক্রি হয়েছে ৪০০-৬০০ টাকা মণ, সেই টম্যাটো গত সোমবার বিক্রি হয়েছে ২৫০-৩০০ টাকায়।
সরেজমিনে জানা যায়, দিনাজপুর জেলার সদর, ফুলবাড়ী, চিরিরবন্দর, বিরল, কাহারোল ও বোচাগঞ্জসহ বিভিন্ন উপজেলায় উন্নতজাতের বিপুল ও রানিসহ কয়েকটি জাতের টম্যাটোর চাষ হয়। জানুয়ারির শেষে এই টম্যাটো আবাদের পর খেত থেকে তোলা হয় মার্চ মাসের শেষের দিকে। তাই বাজারে টম্যাটোর এখন ভরা মৌসুম। প্রতি মৌসুমে দিনাজপুর জেলার কাউগাঁ, গাবুড়া ও পাঁচবাড়ী বাজার থেকে কয়েক কোটি টাকার টম্যাটো বেচাকেনা হয়। এসব টম্যাটো যায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায়।
দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের কৃষক মনো কুমার রায় বলেন, চলতি বছর ভালো লাভের আশায় এক বিঘা জমিতে টম্যাটোর আবাদ করেছি। এখন টম্যাটোর দাম নেই। এক বিঘা জমিতে টম্যাটো আবাদে খরচ হয় ৫০-৫৫ হাজার টাকা। ঢাকার টম্যাটো ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, গাবুড়া বাজার থেকে প্রতি ট্রাকে ১০-১৫ টন টম্যাটো নিয়ে যায়। চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দাম কম। তবে বেড়েছে পরিবহন ভাড়া। তবে সরকারিভাবে টম্যাটো সংরক্ষণ এবং বিপণনের সুষ্ঠু ব্যবস্থা থাকলে সারা বছর এলাকার টম্যাটো সারা দেশে ক্রেতাদের সরবরাহ করা যেত। টম্যাটো চাষিদের দাবি, অন্যান্য ফসলের মতো টম্যাটোরও ক্রয়মূল্য নির্ধারণ করা হোক।
দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুরের গাবুড়া টম্যাটো বাজার ইজারাদার মমিনুল ইসলাম বলেন, প্রতিদিন এখান থেকে ৫০০-৬০০ টন টম্যাটো ৫০-৬০টি ট্রাকে বিভিন্ন স্থানে পাঠানো হয়। টম্যাটো নষ্টের এবং লোকসানের হাত থেকে কৃষককে বাঁচাতে এই এলাকায় টম্যাটো সংরক্ষণে কোল্ড স্টোরেজ করতে সরকারসহ বিনিয়োগকারীরা এগিয়ে এলে কৃষকরা যেমন লাভবান হবেন তেমনি বেকার যুবকদের কর্মসংস্থানও ঘটবে। এতে অর্থনৈতিক উন্নয়নের গতিশীলতাও বাড়াবে নিঃসন্দেহে। দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষি কর্মকর্তা তৌহিদুল ইকবাল জানান, এবার জেলায় ১ হাজার ৯০০ হেক্টর জমিতে টম্যাটোর চাষ হয়েছে।

