আজকের পত্রিকা
ঢাকা বৃহস্পতিবার, মে ১৩, ২০২১, ৩০ বৈশাখ ১৪২৮ইলিয়াস আলী গুমের নেপথ্যে বিএনপির লোক :মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আজ থেকে ৯ বছর আগে নিখোঁজ হওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ‘গুমে’র নেপথ্যে সরকার নয়, বিএনপির লোকই রয়েছে। বাংলাদেশের স্বাধীন-সার্বভৌমত্ব যে ভূলুণ্ঠিত হতে যাচ্ছে এটার জ্বলন্ত প্রমাণ হলো ইলিয়াস আলীর গুম হওয়া। আমি জানি, বাংলাদেশ সরকার বা আওয়ামী লীগ সরকার ইলিয়াসকে গুম করে নাই। কিন্তু গুমটা করল কে? এই সরকারের কাছে আমি এটা জানতে চাই। গতকাল শনিবার বিকালে ঢাকাস্থ সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনীর উদ্যোগে নিখোঁজ ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে এক ভার্চুয়াল সভায় আব্বাস এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে মির্জা আব্বাস বলেন, ইলিয়াস আলী গুমের নেপথ্যে আমাদের দলে যারা রয়েছে তাদের চিহ্নিত করা দরকার, তাদেরকে সবাই জানেন। তিনি বলেন, ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনো এক ব্যক্তির সঙ্গে তার বাকবিতণ্ডা হয় মারাত্মক রকমের। তখন ইলিয়াস তাকে খুব গালিগালাজ করেছিলেন। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনো পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।
জাতীয়তাবাদী যুব দলের সাবেক সহসভাপতি কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল, ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, জহিরউদ্দিন স্বপন, কামরুজ্জামান রতন, আজিজুল বারী হেলাল, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল এবং নিখোঁজ এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
মির্জা আব্বাস বলেন, একজন জলজ্যান্ত তাজা রাজনৈতিক নেতা গুম হয়ে গেল দেশের অভ্যন্তর থেকে, আমাদের একজন নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশ থেকে পাচার করে নিয়ে গেল, আমাদের চৌধুরী আলমকে গুম করে দেওয়া হলো, আমাদের কত ছেলেকে গুম করে দেওয়া হলো, আমি বুঝলাম এই সরকার করে না। করল কারা? আমি বলতে চাই, যারা করেছে তারা এদেশের স্বাধীনতা চায় না, তারা এদেশটাকে স্বাধীনতা সার্বভৌমত্ব থাকতে দেবে না। তিনি বলেন, যেখানে পুলিশ জনগণকে সুরক্ষা দেবে। সেখানে পুলিশের সুরক্ষার জন্য থানায় থানায় বাংকার বসানো হয়েছে। এটা ভাবতেই আশ্চর্য লাগে।
সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনীতিতে এই নিখোঁজ হওয়া, গুম করে দেওয়ার ঘটনা ইলিয়াস আলীকে দিয়ে শুরু হয়েছে এবং এটা করেই প্রথমে বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আজকে আমাদের যেমন সবচেয়ে প্রয়োজন ছিল ইলিয়াস আলীর মতো সাহসী নেতাকে সেই সময়ে আমরা তাকে পাচ্ছি না। আমি বিশ্বাস করি, ইলিয়াস আলী যে প্রজন্ম থেকে এসেছিলেন সেই প্রজন্মের পরের প্রজন্ম যারা আসবে তারা অবশ্যই বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্যে, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্যে আরো বেশি শক্তিশালী হয়ে উঠবে। উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়ি চালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী।

