আজকের পত্রিকা
ঢাকা সোমবার, সেপ্টেম্বর ২৭, ২০২১, ১২ আশ্বিন ১৪২৮বাংলাদেশকে চাপে ফেলেছি :নিকোলস
স্পোর্টস রিপোর্টার
সিরিজের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কঠিন লড়াইয়ের পরও জিতেছিল বাংলাদেশ দল। তখনই আসলে আভাস ছিল কন্ডিশনে মানিয়ে নেওয়ার মিশনে দ্রুতই সফলতা পাচ্ছে ব্ল্যাক ক্যাপস। তৃতীয় ম্যাচে চূড়ান্ত ফলাফলটাও পেয়েছে সফরকারী দল। স্লো, লো বাউন্সের উইকেটে স্পিন জালে বাংলাদেশকে আটকে ফেলেছে তারা। ৫২ রানের বড় জয়ে সিরিজে ফিরেছে নিউজিল্যান্ড। মাহমুদউল্লাহদের হারিয়ে দারুণ খুশি কিউইরা। সিরিজে টিকে আছে টম ল্যাথামের দল। বিশেষ করে হোম কন্ডিশনে বাংলাদেশকে চাপে ফেলতে পেরে সন্তুষ্ট তারা। গতকাল দলের অভিজ্ঞ ক্রিকেটার হেনরি নিকোলস বলেছেন, এখন সিরিজটা কঠিন হবে বাংলাদেশের জন্যও। গত রবিবার ম্যাচ জয়ের পর গতকাল অনুশীলন করেনি নিউজিল্যান্ড। বিশ্রামেই ছিল সফরকারী দল। সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিকোলস বলেছেন, ‘আমরা টেবিলটা বাংলাদেশের দিকে কিছুটা ঘুরিয়ে দিয়েছি। তাদের চাপে ফেলেছি। এটা তাদের জন্যও কঠিন হবে।’
দ্বিতীয় ম্যাচে ৬২ রানে ৫ উইকেট হারানোর পরও নিকোলস-ব্লান্ডেলের ৬৬ রানের জুটিতেই লড়াইয়ের পুঁজি পেয়েছিল নিউজিল্যান্ড। নিকোলস ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৩৬ রান করেছিলেন। তারপর বাংলাদেশের ইনিংসটা মাত্র ৭৬ রানে গুটিয়ে দিয়েছে কিউই স্পিনাররা। গতকাল নিকোলস বলেছেন, ‘ম্যাচ জেতা এবং সিরিজটা বাঁচিয়ে রাখা দারুণ বিষয়। দল হিসেবে আমরা প্রতি ম্যাচেই উন্নতি করছি। প্রতিটি ম্যাচের কন্ডিশনে ভিন্নতা আছে, সেটা আরেকটা চ্যালেঞ্জ। সবাই নিজের কাজটা দ্রুত শিখছে দেখে ভালো লাগছে। অধিনায়ক হিসেবে টম (ল্যাথাম) সবাইকে পরিষ্কারভাবে বলে দিয়েছে, এখানে কাজটা কঠিন কিন্তু আমাদের উন্নতির উপায় খুঁজে বের করতে হবে। আমরা যদি প্রতি ম্যাচে তা করতে পারি তাহলে রেজাল্ট আসবে।’

