আজকের পত্রিকা
ঢাকা শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১, ১০ আশ্বিন ১৪২৮মোহামেডানের হকি কমিটিতে দ্বন্দ্ব এবং পদত্যাগ
স্পোর্টস রিপোর্টার
হকি খেলা মাঠে গড়ানোর আগেই মোহামেডানের হকি কমিটিতে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। সম্পাদক পদ হতে সাজেদ আদেল পদত্যাগ করেছেন। পদত্যাগ করার কথা জানিয়ে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন। আসছে মৌসুমে হকি দল গঠন নিয়ে কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলমের সঙ্গে সম্পাদক সাজেদ আদেলের দ্বন্দ্ব। মতের অমিলের কারণে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জাতীয় দলের সাবেক খেলোয়াড় সাজেদ আদেল। তিনি বলেন, ‘আমি একটি দল গঠন করছি আর চেয়ারম্যান সাহেব একটি দল গঠন করছেন। দুইটা দল হতে পারে না।’
শুধু এটাই নয়, হকি দল গঠন করতে দিয়ে সাজেদ আদেল মনে করছেন কাদা ছোড়াছুড়ি হচ্ছে। আমাকে আপত্তিকর কথা বলা হচ্ছে। নানা কারণে অভিমান থেকে সাজেদ আদেলের সরে যাওয়া। তিনি বলেন, ‘আমি এই ক্লাবের প্লেয়ার ছিলাম। এই ক্লাবের জন্য আমি মেধা, শ্রম এবং অর্থ ব্যয় করেছি। এ কথা কে না জানে। পুতুল সম্পাদক হয়ে থাকতে চাই না। তাই পদত্যাগ করেছি।’
কমিটির চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, ‘সাজেদ ভাইকে সম্পাদক করা হলেও সেটি ঘোষণা করা হয়নি। হেল্ডআপ করা ছিল। নতুন কমিটির ঘোষণা গঠন করা হবে। কিছুক্ষণের মধ্যেই কমিটি পেয়ে যাবেন।’ আর দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন করা হলে মঞ্জু বলেন, ‘কমিটির জন্য ক্লাব, নাকি ক্লাবের জন্য কমিটি। আমাকে সভাপতি সাহেব যেভাবে কাজ করতে বলেছেন আমি সেভাবেই কাজ করছি। আমি কোনো কিছু নিয়ে কথা বলব না। যদি কিছু জানার থাকে সভাপতির কাছে জেনে নেবেন প্লিজ। আমি শুধু বলব সাজেদ ভাইয়ের সঙ্গে আমার কোনো কথাই হয়নি। উনি সিনিয়র প্লেয়ার ছিলেন, আমার মুরব্বি। সাজেদ ভাই একটা কমিটি দিয়েছিলেন সভাপতির কাছে যেটি অনুমোদন দেওয়া হয়নি। আর ক্লাব হতে আমাকে বলা হয়েছে হকিতে একটা ভালো দল গড়ার। আমি চেষ্টা করেছি।’ সন্ধ্যার পর মোহামেডান হতে সংবাদ বিজ্ঞপ্তিতে ২৩ সদস্যের হকি ঘোষণা করা হয়।

