আজকের পত্রিকা
ঢাকা মঙ্গলবার, মে ০৪, ২০২১, ২১ বৈশাখ ১৪২৮আফগানিস্তান থেকে সন্ত্রাসের হুমকি অন্যত্র সরে গেছে
এবিসিকে দেওয়া সাক্ষাত্কারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, সন্ত্রাসবাদের হুমকি আফগানিস্তান থেকে অন্যত্র সরে গেছে। তাই এখন আমাদের চীন ও মহামারির মতো বিষয়গুলোর ওপর অধিক মনোনিবেশ করতে হবে। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাফাই গাইতে গিয়ে রবিবার এবিসি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাত্কারের তিনি এসব কথা বলেন।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন, এ বছর নাইন ইলেভেনের হামলার ২০ বছর পূর্ণ হওয়ার আগে আফগাস্তািন থেকে তাদের আড়াই হাজার সৈন্যকে প্রত্যাহার করে নেওয়া হবে। এর মাধ্যমে ২০ বছর ধরে থাকা মার্কিন সেনা উপস্থিতির অবসান ঘটবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের এজেন্ডায় সন্ত্রাসবাদের চেয়েও আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সে বিবেচনায় এখন চীনের সঙ্গে সম্পর্ক এবং জলবায়ু পরিবর্তন থেকে শুরু করোনা ভাইরাসের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আর এর জন্য আমরা আমাদের শক্তি ও সামর্থ্য অনুযায়ী এগুচ্ছি। গত সপ্তাহে ব্লিংকেন কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গনিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তখন তিনি তাদেরকে বাইডেনের ঘোষণার কথা অবহিত করেন এবং বলেন, আফগানিস্তানে তাদের যুদ্ধ শেষ হয়েছে। এবিসিকে তিনি আরো বলেন, ‘যে লক্ষ্য আমরা অর্জন করতে চেয়েছিলাম যুক্তরাষ্ট্র তা অর্জন করতে পেরেছে। আল-কায়েদার শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। তাদের এখন আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ চালানোর সক্ষমতা নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আফগানিস্তানে পেন্টাগনের প্রায় আড়াই হাজার বাহিনীর অধীনে ১ লাখেরও বেশি সেনা রয়েছে। আরো হাজার হাজার সেনা ন্যাটোর শক্তিশালী ৯ হাজার ৬০০ বাহিনীর অংশ হিসেবে কাজ করছে, যা একই সঙ্গে প্রত্যাহার করে নেওয়া হবে। তবে ওয়াশিংটন সবসময় তালেবানের কর্মকাণ্ড দেখতে পারবে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে। তাই তালেবান যদি আবার কোনো অঘটন ঘটায় তাহলে তাদের দীর্ঘ যুদ্ধের কবলে পড়তে হবে।

