যা পূরণে ব্যর্থ মুশফিকের ব্যাট

যা পূরণে ব্যর্থ মুশফিকের ব্যাট
মুশফিক আরেকটু সতর্ক থাকলে শ্রীলংকাকে আরও আগে ব্যাটিংয়ে পাঠানো যেত —এএফপি

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ড এখন মুশফিকুর রহিমের দখলে। ক্যান্ডিতে ম্যাচের প্রথম দিনে চূড়ায় ওঠা তামিম ইকবালকে টপকে গেছেন মুশফিক। গতকাল অপরাজিত ৬৮ রান করেন তিনি। ৭৩ টেস্টে তার সংগ্রহ এখন ৪ হাজার ৬০৫ রান। ৭ রান পিছিয়ে থাকা তামিম খেলেছেন ৬৩ টেস্ট।

ক্যান্ডিতে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি পেলেও দিন শেষে সমালোচনার তোপে পড়েছেন মুশফিক। ১৫৬ বলে খেলা তার ইনিংসটা পরিস্থিতির দাবি মেটাতে পারেনি। বরং নেতিবাচক একটা রূপই ফুটে উঠেছে তার ব্যাটিংয়ে।

ম্যাচের দ্বিতীয় দিনে মুশফিক যখন উইকেটে এসেছেন তখন বাংলাদেশের রান ছিল ৩৯৪। বলার অপেক্ষা রাখে না, তখন দারুণ ভিতের উপর দাঁড়িয়ে বাংলাদেশ। ক্যান্ডির উইকেটের ব্যাটিং সখ্যতার কথাও উল্লেখ করার দরকার নেই। অভিজ্ঞ এ ব্যাটসম্যানের কাছে স্বাভাবিকভাবেই প্রত্যাশা ছিল কিছুটা দ্রুতলয়ে রান তোলার। এমন মঞ্চে দাঁড়িয়ে সব দলই একটু আক্রমণাত্মক হয়ে দ্রুত রান তোলার চেষ্টা করে। কিন্তু মুশফিকের ব্যাটিং পরিস্থিতির দাবিকে পড়তেই পারল না। নির্লিপ্ত ভঙ্গিতে ব্যাটিং করে গেছেন তিনি। যেন ম্যাচের পাঁচ দিনই টানা ব্যাটিং করতে পারবেন!

গতকাল তৃতীয় দিনে ১৮ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ৬৭ রান যোগ করেছে বাংলাদেশ। যেখানে মুশফিক ৪৯ বল খেলে তুলেছেন মাত্র ২৫ রান। যা খুবই দৃষ্টিকটু হয়ে ধরা দিয়েছে। এমনকি লিটন আউট হওয়ার পরও তার ব্যাটিংয়ে দ্রুত রান তোলার তাড়া দেখা যায়নি। তেমন চেষ্টাই করেননি তিনি। যার ফলে ৬৭ রান তুলতেই সময় লেগে গেছে ১ ঘণ্টা ৪০ মিনিট। অথচ মুশফিক মন্থর গতির ব্যাটিংয়ে ডুবে না থাকলে রানটা এক ঘণ্টায় আসতে পারত। এবং তাতে করে লঙ্কানদের আরো আগে ব্যাটিংয়ে পাঠানো যেত। অন্তত ৪৭৪ রান নিয়ে খেলতে নামা দলের ব্যাটসম্যানদের কাছে এটাই স্বাভাবিক প্রত্যাশা। যা পূরণে ব্যর্থ মুশফিকের ব্যাট।

ইত্তেফাক/টিআর

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x