সিটির রেকর্ড শিরোপা

সিটির রেকর্ড শিরোপা
ছবি: সংগৃহীত।

টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে আবারও লিগ কাপের শিরোপা জিতলো ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে স্থানীয় সময় রবিবার বিকেলের ফাইনালে ১-০ গোলে জিতেছে পেপ গার্দিওয়ালার দল।

টানা চারবার লিগ কাপের শিরোপা জিতে লিভারপুলের রেকর্ড স্পর্শ করল ম্যানচেস্টারের দলটি। ১৯৮১ থেকে ১৯৮৪ পর্যন্ত টানা চারবার এর শিরোপা উৎসব করেছিল লিভারপুল। প্রতিযোগিতাটিতে অ্যানফিল্ডের দলটির সবচেয়ে বেশি আট শিরোপা জয়ের রেকর্ডেও ভাগ বসাল সিটি।

শুরু থেকে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সিটি। তবে পুরো ম্যাচে ডজনখানেক সুযোগ সৃষ্টি করলেও ৮২তম মিনিটে জয়সূচক গোলটি করেন লাপোর্ত। বাঁ দিক থেকে কেভিন ডে ব্রুইনের ফ্রি কিকে লাফিয়ে হেডে জাল খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার। উল্লাসে মাতে সিটি।

গত সপ্তাহে এফএ কাপের সেমি-ফাইনালে চেলসির বিপক্ষে হেরে মৌসুমে চার শিরোপার সব জয়ের আশা শেষ হয়ে গেছে গুয়ার্দিওলার দলের। একটি জিতল, বাকি দুটিও জয়ের সম্ভাবনা টিকে আছে ভালোভাবে।

শেষ পাঁচ রাউন্ডে আর মাত্র দুটি জয় পেলেই প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করবে সিটি। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে খেলবে তারা।

ইত্তেফাক/টিআর

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x