ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে তৃণমূল: মমতা

ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসছে তৃণমূল: মমতা
মমতা বন্দোপাধ্যায়। ছবি: সংগৃহীত

দুই তৃতীয়াংশ আসন নিয়ে ফের পশ্চিমবঙ্গের ক্ষমতায় তৃণমূল আসছে বলে দাবি করেছেন দলটির নেত্রী ও রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। বলেন, মানুষের প্রয়োজনেই বাংলায় তার সরকার আবারও থাকবে। এ সময় প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপিকে কটাক্ষ করে বেশ মন্তব্যও করেন তিনি।

শনিবার (১৭ এপ্রিল) বর্ধমানে তৃণমূলের নির্বাচনী জনসভা থেকে মমতা বন্দোপাধ্যায় বলেন, ছোট থেকে রাজনীতি করায় মানুষের মনোভাব বুঝি। এবার দুই তৃতীয়াংশ আসন নিয়ে ফের রাজ্যের ক্ষমতায় আসতে যাচ্ছে তৃণমূল। মানুষ বিজেপিকে এখন আর বিশ্বাস করে না এবং তারা কোথাও আসছেও না। সারা বাংলা ঘুরেই এ কথা বলছি।

বাংলা জিতে দিল্লিতে ঝাঁপাবেন বলে হুমকি দিয়ে তিনি বলেন, বিজেপির নেতাদের দাবি তৃণমূল সরকার নাকি এবার ক্ষমতা থেকে চলে যাবে। আমি বলবো, দিদি যাবে না, বরং থাকবে। মোদীবাবু আগামী দিনে তোমাকেই যেতে হবে। দিদিকে সাবেক বলার দরকার নেই। তোমাকেই সাবেক করা হবে।

নরেন্দ্র মোদী প্রচারে এসে মিথ্যা কথা বলে যান মন্তব্য করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, তার সবটা কুপ্রচার। কেন্দ্রীয় সরকার নোটবন্দি করেছে ঠিকই। কিন্তু আজ পর্যন্ত মানুষ সেটার হিসাব পায়নি। লকডাউনে দেওয়ায় অসংখ্য লোকের চাকরি গেছে।

ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে আরো অনেক আগেই। এখন দৈনিক সংক্রমণ আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। এর মাঝেই পশ্চিমবঙ্গে চলমান বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারণায় আবারও এসেছেন ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি। শনিবার পঞ্চম ধপা ভোটের দিন রাজ্যের আসানসোল ও গঙ্গারামপুরে দুটি জনসভা করেছেন তিনি।

ইত্তেফাক/টিএ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত
আরও
আরও
x