লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল চট্টগ্রাম থেকে রওনা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দলটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। তারা ব্যানকন-১৬ কন্টিনজেন্টের অধীনে নৌবাহিনী জাহাজ বানৌজা সংগ্রাম-এ যোগ দেবেন।
চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষে চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম বিমানবন্দরে উপস্থিত হয়ে দলটিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এর আগে গত ১৯ নভেম্বর আরও ২৫ সদস্যের একটি দল ঢাকা থেকে রওনা হয়েছিল। অন্যদিকে, আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন ব্যানকন-১৫ কন্টিনজেন্টের ১১০ সদস্য।
চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী ভূ-মধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।
তিনি জানান, বানৌজা সংগ্রাম লেবাননের জলসীমায় নজরদারি, অস্ত্র অনুপ্রবেশ প্রতিরোধ, উদ্ধার তৎপরতা ও প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে—যা বিশ্ব শান্তিতে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করছে।

