ঢাকা-১০ আসনের ধানমন্ডির ১৯নং মধুবাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে ধানমন্ডির ১৯নং মধুবাজার এলাকাবাসীর পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মধুবাজার বড় মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম।
দোয়া মাহফিলে ঢাকা-১০ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শেখ রবিউল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিল্পপতি ও ধানমন্ডি সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি আমিনুল হক ভূইয়া (টিটু)।
প্রধান অতিথির বক্তব্যে শেখ রবিউল আলম বলেন, রাজনীতির নামে সমাজে একটি পরিত্যক্ত শ্রেণি আছে, যারা সবসময় সমাজের জন্য একটা ডিস্টার্ব। এটির জন্য রাষ্ট্র দায়ী। কেননা, রাষ্ট্র যখন রাজনীতি নিধন করে, গোঁড়া থেকে নষ্ট করে দেয় তখনই এই জঞ্জালগুলো রাজনীতিতে এসে হাজির হয়। এটির থেকে পরিত্রাণ দিতে পারেন একমাত্র আমরা, যারা পলিটিক্স করেন না কিন্তু এসব উপস্থিত হোন, সরব হোন, সজাগ হোন, প্রতিবাদী হোন, প্রত্যাশার কথা বলেন এবং রাজনীতির কাছে জবাবদিহিতা চান তখনই পরিবর্তন হবে। এছাড়া পরিত্রাণ সম্ভব নয়।
অনুষ্ঠানের শুরুতে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন দৈনিক ইত্তেফাকের অন্যতম কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান (শাওন)। বক্তব্যে তিনি স্থানীয় নানা সমস্যা ও দাবি দাওয়া জানিয়ে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করেন।
এ সময় আরও বক্তব্য রাখেন—নুর মোহাম্মদ বাচ্চু, জাহাঙ্গীর চৌধুরী, মোবারক উদ্দিন। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের অন্যতম পরিচালক রেজাউল আহসান (ফাগুন) এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

