মোদি-লুলা বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তি 

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৯

গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকায় সহযোগিতা বাড়াতে শনিবার (২১ ফেব্রুয়ারি) একমত হয়েছে ভারত-ব্রাজিল। নয়াদিল্লিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর ডয়চে ভেলের। 

মোদি বলেন, গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকা বিষয়ক চুক্তি সাপ্লাই চেইনকে স্থিতিশীল করার দিকে একটি বড় পদক্ষেপ।

ইলেকট্রিক যান, সোলার প্যানেল, স্মার্টফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন ও গাইডেড মিসাইল—সবকিছুতেই ব্যবহৃত হয় এই গুরুত্বপূর্ণ খনিজ। বিশ্বে এর দ্বিতীয় বৃহত্তম মজুদ রয়েছে ব্রাজিলে। শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত দেশীয় উৎপাদন বাড়াচ্ছে এবং নতুন সরবরাহকারী খুঁজছে। 

লুলা বলেন, নবায়নযোগ্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি করাই আমাদের স্বাক্ষর করা যুগান্তকারী চুক্তির মূল বিষয়। 

তবে ভারত-ব্রাজিলের চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার ডিজিটাল সহযোগিতা, স্বাস্থ্য, উদ্যোক্তা ও অন্যান্য ক্ষেত্রে আরও নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে।

 

ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, ল্যাটিন অ্যামেরিকায় ব্রাজিল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা আগামী পাঁচ বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন ডলার অতিক্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভারতে প্রধানত চিনি, অপরিশোধিত তেল, উদ্ভিজ্জ তেল, তুলা ও লৌহ আকরিক রপ্তানি করে ব্রাজিল।

ইত্তেফাক/এসআর