স্বাস্থ্যমন্ত্রী

‘৭ বার রিমাইন্ডার দেওয়ার পরও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকার’

আপডেট : ২৫ মে ২০২৬, ১৬:২৭

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন বলেছেন, হামের প্রকোপের বিষয়টি ইউনিসেফ সাতবার রিমাইন্ডার দেওয়ার পরও ভ্যাকসিন নেয়নি আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকার। তারা প্রাইভেটে কিনতে চেয়েছিল পয়সা খাওয়ার জন্য। আমরা দায়িত্ব নেওয়ার পর বিষয়টি জানতে পেরে দ্রুত পদক্ষেপ নিয়েছি।

সোমবার (২৫ মে) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও কুমিল্লা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার চায় না হামের কারণে কোনো মা সন্তান হারান। দেশের হামের টিকাদান কর্মসূচিতে লক্ষ্যমাত্রা অর্জনের হার এখন ১২২ শতাংশে পৌঁছেছে। ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রথম ধাপে যেসব ১৮টি উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি চালানো হয়েছিল, সেখানে হামের সংক্রমণ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে।

ঈদুল আজহার আগে হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসাসেবা ঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা দেখতে কুমিল্লার দুটি হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও সংকটের কথা শোনেন, খাবারের মান যাচাই করেন এবং রোগীদের অভিযোগও নেন।

পরিদর্শনকালে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশিরসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এসজেএস