যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে গণমুখী সাংবাদিকতা জগতের পথিকৃৎ তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৫৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে মিলাদ মাহফিল, তার মাজারে কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকাল থেকেই আজিমপুর কবরস্থানে মরহুমের মাজারে কুরআনখানির আয়োজন করা হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করা হয়। সেই সঙ্গে মরহুমের পরিবারের পক্ষ থেকে আলাদা আলাদা কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, নিউ নেশন পত্রিকার ম্যানেজিং এডিটর আরশাদ হোসেন পাপ্পু, দৈনিক ইত্তেফাকের কার্যনির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, দৈনিক ইত্তেফাকের পরিচালক রেজাউল আহসান ফাগুন, দৈনিক ইত্তেফাকের নগর সম্পাদক আবুল খায়ের, প্রেস ফেডারেশনের সভাপতি ও ইত্তেফাকের এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মো. আলমগীর হোসেন খান, সাংবাদিক ইউনিয়নের ডেপুটি ইউনিট চিফ পলাশ সরকার, ইত্তেফাকের সম্পাদকীয় বিভাগের সহকারী সম্পাদক ফাইজুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান, ইত্তেফাকের এনএনপিপি ওয়ার্কার্স ইউনিয়নের সহসভাপতি আনিসুর রহমান, সাবেক সভাপতি তাজাম্মেল হক, সহকারী সাধারণ সম্পাদক মো. মনসুর আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল, কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি গোলাম আক্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আমজাদ মারুফসহ দৈনিক ইত্তেফাকের সাংবাদিক-শ্রমিক- কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
১৯৬৯ সালের ১ জুন ৫৮ বছর বয়সে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তফাজ্জল হোসেন মানিক মিয়া।

