নারী সাফে বাংলাদেশের ফুটবলারদের পারফরম্যান্স সমালোচিত হচ্ছে। রোববার রাতে ভারতের গোয়ায় একেবারে বাজে পারফরম্যান্স করে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ, ৩-০ গোলে। ভাগ্য ভালো সেমিফাইনালের টিকিট আগেই পেয়ে গিয়েছিল। তা না হলে এবার দুইবারের সাফ চ্যাম্পিয়নদেরকে দেশে ফিরে আসতে হতো। মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে ৪-২ গোলে কোনো রকমে জয় পেয়েছিল বাংলাদেশ। অন্য ম্যাচে আগেই মালদ্বীপকে ১১-০ গোলে হারিয়েছিল ভারত।
সাফে গ্রুপ পর্বে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচটা ছিল অলিখিত ফাইনাল। সেই লড়াইয়ে ভারত হাতের হারানো শক্তি ফিরে পেয়েছে। সাফে প্রায় সাত বছর বাংলাদেশের বিপক্ষে জয় পায়নি ভারত। সেই ভারত জিতেছে। হাতের হারানো গৌরব ফিরে পেয়েছে। ২০১৯ সালের সাফে সেমিফাইনালে ভারত ৪-০ গোলে হারিয়েছিল বাংলাদেশকে। তারপর থেকে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় নেই।
রোববার রাতে ভারত যতটা না ভালো খেলেছে, তার চেয়ে ঢের বেশি খারাপ খেলেছে বাংলাদেশের ফুটবলাররা। রক্ষণভাগ, মধ্যমাঠ বা আক্রমণভাগ কোথাও ভালো খেলতে পারেনি। রক্ষণভাগ যেভাবে ভুল-ভ্রান্তি করেছে, তাতে মনে হয়েছে সাফে খেলার অভিজ্ঞতা নেই এই নারী ফুটবলারদের। খেলা দেখে প্রশ্ন উঠেছিল-কীভাবে দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
ভারতের কাছে হারের পর ইংলিশ কোচ পিটার জেমস বাটলার বলেছেন, তিনি কোনো অজুহাত দিতে চান না। হারের দায় মেনে নিয়ে বলেছেন তার দলে কয়েক জন ফুটবলারের ফিটনেস ছিল না। কোচ আফঈদা খন্দকারের অধিনায়কত্ব কেড়ে নিয়েও আফঈদার প্রশংসা করে বলেছেন সে খুব ভালো ফুটবলার। রক্ষণভাগে তচনচ হওয়ার পর এখন বলছেন নেপালের বিপক্ষে খেলবেন আফঈদা।
কোচের মতে আফঈদাকে চাপ থেকে দূরে রাখতেই তার আর্মব্যান্ড মারিয়াকে দেওয়া হয়েছে। ভারতের বিপক্ষে হারের পর কোচ সংবাদ সম্মেলনে আফঈদার প্রশংসা করছেন আবার অন্যদিকে বলছেন মারিয়া অধিনায়ক হিসেবে ভালো করছে। তাহলে কেন ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না আফঈদা। কোচ বলেছেন আগামী ম্যাচে নেপালের বিপক্ষে থাকতে পারেন আফঈদা।
মনিকা দেশের অন্যতম সেরা মিডফিল্ডার। কোচ বলছেন মনিকা পারছে না। কোচের মন্তব্য শুনে মনিকা ড্রেসিং রুমে কান্নাকাটি করেছেন। কোচের কথায় একটা জিনিস স্পষ্ট, দলের মধ্যে বিভেদ রয়েছে। কোচ নিজেই বলেছেন কান কথা শুনছে খেলোয়াড়রা। বলেছেন মেয়েরা যদি ১০০ ভাগ দেয়, কোচও তাদেরকে ১০০ ভাগ দেবেন।
কোচ বলেছেন তিনি একটা নতুন দল গড়ছেন। যেখানে সব প্রতিষ্ঠিত ফুটবলার ছিল বাংলাদেশ দলে, সেখানে তাকে কেনই-বা নতুন গড়তে হচ্ছে সাফের মতো বড় আয়োজনে। বাংলাদেশ সাফে গেছে হ্যাটট্রিক শিরোপা জয় করতে আর কোচ বলছেন, নতুন দল পুনর্গঠন করছেন তিনি। এটা পুরো দলকে ঢেলে সাজানো নয়, সার্জিক্যাল অপারেশনের মতো কিছু করা।
নতুন কিছু ফুটবলারকে খেলাচ্ছেন কোচ। তিনি মনে করছেন, তরুণ ফুটবলারদের যোগ্যতা আছে। তবে তাদেরকে মাঠে নামানোর ব্যাপারে সাহসিকতা দরকার। কোচ এই দলটাকে নতুন করে মাঠে নামতে চাইছেন। নেপালের বিপক্ষে সেমিফাইনালে অন্যরকম দলকে দেখা যাবে। কোচ আত্মবিশ্বাস নিয়েই বলছেন। নেপাল গত দুটি ফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলেছে। নেপালের প্রীতি রায় অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার। কিন্তু তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। বুধবার সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে খেলবেন।

