বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়ের প্রশাসন শাখা। আদেশে বলা হয়েছে, এটি অবিলম্বে কার্যকর হবে।
আদেশ অনুযায়ী, পাঁচ সদস্যের এই সেলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব।
সেলের অন্যান্য সদস্যরা হলেন কল্যাণ অধি শাখার যুগ্ম সচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব। এর মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রয়োজন অনুযায়ী সেলে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় আশা করছে, নতুন এ সেলের মাধ্যমে প্রবাসীদের অভিযোগ ও বিভিন্ন সমস্যার দ্রুত ও কার্যকর সমাধান নিশ্চিত করা সম্ভব হবে।

