শরীয়তপুর সদর উপজেলায় চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে হাসান মোল্যা (৬৫) নামে এক বৃদ্ধের বিরুদ্ধে। সোমবার (১ জুন) দুপুরে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে সেই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি শাহ আলম বলেন, ‘একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটকে রাখেন গ্রামবাসী। পরে তাদের শান্ত করে ওই ব্যক্তিকে থানায় আনা হয়। আমরা ঘটনাটি ইতোমধ্যে তদন্ত শুরু করেছি।’
স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় পালং মডেল থানায় অভিযুক্ত হাসান বিরুদ্ধে রাতে পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন শিশুটির বাবা।
স্থানীয় বাসিন্দা ও লিখিত অভিযোগ থেকে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলাধুলা করছিল ওই শিশু। এ সময় শিশুটিকে নিয়ে পুকুরে নেমে ধর্ষণের চেষ্টা করেন ওই বৃদ্ধ। শিশুটি ভয়ে চিৎকার শুরু করলে পুকুরপাড়ে থাকা দুজন কিশোরী ঘটনাটি শিশুটির মাকে জানায়।
ওই সময় শিশুটির মায়ের চিৎকারে স্থানীয় একাধিক বাসিন্দা জড়ো হন। এ সময় হাসান মোল্যাকে আটক করেন তারা। একটি ঘরে তাকে আটকে রেখে বিচারের দাবিতে বিক্ষোভ করতে থাকেন গ্রামবাসী।
পরে খবর পেয়ে বুড়িরহাট পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্য হাসান মোল্যাকে থানায় আনার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা পিছু হটে যান। থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে গভীর রাতে মামলা করেন শিশুটির বাবা।
পুলিশ সূত্রে জানা যায়, ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে নেওয়া হবে।

