এলডিসি উত্তরণে বাংলাদেশকে ৩ বছর বাড়তি সময় দেওয়ার সুপারিশ জাতিসংঘ কমিটির

আপডেট : ০২ জুন ২০২৬, ২০:০৬

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য বাংলাদেশকে আরও তিন বছর অতিরিক্ত সময় দেওয়ার সুপারিশ করেছে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি)। এ সুপারিশ অনুযায়ী, বাংলাদেশের উত্তরণ প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে।

মঙ্গলবার (২ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। একই সঙ্গে সিডিপির ইতিবাচক মূল্যায়ন ও সুপারিশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার।

ইআরডি জানায়, গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে উত্তরণের সময় বাড়ানোর আবেদন করে। পরে ৬ এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের কাছে এ বিষয়ে একটি চিঠি পাঠান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই সিডিপি সময় বাড়ানোর সুপারিশ করেছে।

সিডিপির মূল্যায়নে বলা হয়েছে, এলডিসি থেকে উত্তরণের জন্য নির্ধারিত তিনটি সূচকের প্রতিটিতেই বাংলাদেশ প্রয়োজনীয় মানদণ্ডের চেয়ে উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছে। এছাড়া নিকট ও মধ্যমেয়াদে এ অবস্থান থেকে পিছিয়ে পড়ার ঝুঁকিও খুবই কম।

তবে কমিটির মতে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য পরিস্থিতি, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ ব্যবস্থার অনিশ্চয়তা, আন্তর্জাতিক বাণিজ্য পরিবেশের পরিবর্তন এবং অন্যান্য বৈশ্বিক চ্যালেঞ্জ বাংলাদেশের উত্তরণ প্রস্তুতিতে প্রভাব ফেলতে পারে। এসব বিষয় বিবেচনায় নিয়েই অতিরিক্ত সময় দেওয়ার সুপারিশ করা হয়েছে।

বাংলাদেশের মূলত ২০২৬ সালের নভেম্বরে এলডিসি থেকে আনুষ্ঠানিকভাবে উত্তরণের কথা ছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও বহুমুখী চ্যালেঞ্জের কারণে অর্থনীতির ওপর চাপ তৈরি হওয়ায় প্রস্তুতির জন্য আরও সময় চেয়েছিল সরকার।

ইত্তেফাক/এমএএম