ইসলামী ব্যাংকের আন্দোলনকারীদের পরিচয় নিয়ে সন্দেহ বাংলাদেশ ব্যাংকের

আপডেট : ০২ জুন ২০২৬, ২০:৩৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগ বাতিলের দাবিতে চলমান আন্দোলনকারীদের পরিচয় ও উদ্দেশ্য নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২ জুন) বিকেলে রাজধানীর মতিঝিলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই মন্তব্য করেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাস্তাঘাটে কোনো ধরনের আন্দোলনের মুখে পড়ে কেন্দ্রীয় ব্যাংক তাদের নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসবে না। আরিফ হোসেন খান বলেন, “আন্দোলনকারীরা প্রকৃত আমানতকারী কি না, তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। তারা বিভিন্ন নামে ও বেনামে ব্যানার নিয়ে রাস্তায় নেমেছেন।”

তিনি আরও বলেন, কোনো মহলের চাপের মুখে ব্যাংকিং খাতের শৃঙ্খলা বিঘ্নিত হতে দেওয়া হবে না।

ইসলামী ব্যাংকের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই মুখপাত্র বলেন, ব্যাংকের অভ্যন্তরীণ কর্মপরিবেশ বর্তমানে স্থিতিশীল রয়েছে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তবে কেন্দ্রীয় ব্যাংক কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ইসলামী ব্যাংকের প্রতি কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণ সমর্থন রয়েছে এবং ব্যাংকটির অবস্থান আরও শক্তিশালী করতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের সহায়তা করবে।

গত কিছুদিন ধরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশিদ আলমের নিয়োগের বিরোধিতা করে আসছেন একদল আন্দোলনকারী। তারা বিভিন্ন সময়ে বিক্ষোভ ও সমাবেশ করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিলেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক তাদের কঠোর অবস্থানের কথা জানাল।

ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ মহলের মতে, একটি আর্থিক প্রতিষ্ঠানে এ ধরনের অস্থিরতা আমানতকারীদের মনে উদ্বেগের সৃষ্টি করতে পারে। বাংলাদেশ ব্যাংকের এই বার্তা মূলত ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা এবং আস্থাশীল পরিবেশ নিশ্চিত করার একটি কৌশল হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ইত্তেফাক/এএম