নিষেধাজ্ঞা অমান্য করে মাদারীপুরের শিবচর অংশে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় ১৫ জেলের প্রত্যেককে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জেলেদের কাছ থেকে জব্দ করা ১০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।
বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট পর্যন্ত শিবচর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমানের নেতৃত্বে এই অভিযান চলে। কাঁঠালবাড়ী ঘাটে এসে জেলেদের কারাদণ্ড দেন তিনি।
এর আগের পদ্মা নদীতে অভিযান পরিচালনা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার বালা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান, নেজারত ডেপুটি কালেক্টর আনোয়ার হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ-আবু জাহের, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. পারভেজ, ফরিদপুরের নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমীত চৌধুরী, সহকারী পুলিশ সুপার (শিবচর ও রাজৈর সার্কেল) মো. আবির হোসেন, শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ, চরজানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান মিয়াসহ আরো অনেকে।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এটিএম শামসুজ্জামান জানান, এখন পর্যন্ত ২১১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ২৯ জন জেলেকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা ও ২ লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
