বাংলাদেশ ইন্টার-রিলিজিয়াস ফোরাম ফর পিস এন্ড হারমনি’র উদ্বোধনী ২৬ অক্টোবর

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ১০:৫৯

“বাংলাদেশ ইন্টার-রিলিজিয়াস ফোরাম ফর পিস এন্ড হারমনি”র উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৬ অক্টোবর, ২০১৯ সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক গওহর রিজভী প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

 

আমন্ত্রণপত্রে বলা হয়, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সাম্প্রদায়িক ও মৌলবাদী শক্তির উত্থান এবং স্বাধীনতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে দেশের সুশীল সমাজ, রাজনৈতিক ও ধর্মীয় নেতা এবং আপামর জনগণের একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। সেভ এন্ড সার্ভ ফাউন্ডেশন-সচিবালয়ের অধীনে “বাংলাদেশ ইন্টার-রিলিজিয়াস ফোরাম ফর পিস এন্ড হারমনি” একাত্তরের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নকে সামনে রেখে দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা ও সামাজিক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে কাজ করে যাবে।

 

এতে আরো বলা হয়, দেশজুড়ে এই ফোরাম সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সংযুক্ত করে সংলাপ, দেশের ঐতিহ্য/ সংস্কৃতি প্রচারে ওয়ার্কশপ, সেমিনার, সমাবেশ ইত্যাদির আয়োজন করবে। সমাজে ধর্মান্ধতা, সন্ত্রাস, নৈরাজ্য ও মৌলবাদ প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে উদ্যোগী হবে।

 

এছাড়াও উপস্থিত থাকবেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নাজিবুল বাশার মাইজভান্ডারী, এমপি এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তসহ সকল সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

 

ইসলামী স্কলার মাওলানা মো. ফরিদউদ্দিন মাসুদ, সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ তপনানন্দ গিরি মহারাজ, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসংঘের প্রাক্তণ সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, এবং চার্চ বাংলাদেশের প্রাক্তণ মডারেটর বিশপ পল শিশির সরকার ধর্মীয় নেতা হিসেবে উপস্থিত থাকবেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সামিয়া হক বিশ্বশান্তি বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

 

শান্তি ও সম্প্রীতির জন্যে বাংলাদেশ আন্তঃধর্মীয় ফোরামের কর্মকর্তাবৃন্দ- সমন্বয়কারী সৈয়দ তৈয়াবুল বাশার, সহ-সমন্বয়কারী নির্মল কুমার চ্যাটার্জী, নির্মল রোজারিও ও ভিক্ষু সুনন্দ প্রিয়।

 

ইত্তেফাক/এএম