রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে বিদেশি রিভলবার, পিস্তল, গুলি এবং বিপুল মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজির মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়ার সাইদুর রহমানের ছেলে আজাহার উদ্দিন (২৭) ও ছোট বনগ্রামের রুস্তম আলীর ছেলে মমিন (৩৩)।
মহানগর ডিবির সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, গোপনে খবর পেয়ে অভিযানের সময় একটি প্রাইভেট কারকে থামার সংকেত দিলে গাড়িটি পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে গতিরোধ করা হয়। এ সময় প্রাইভেটকারের ভেতরে থাকা দুই ব্যক্তির দেহ তল্লাশি করে গুলি ভর্তি একটি রিভলবার, একটি পিস্তল এবং দুইশ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে প্রাইভেট কারের পেছনের ডালার ভেতর থেকে দুইশ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। রাতেই তাদের ঘটনাস্থল থেকে মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: ইয়াবাসহ পুলিশ গ্রেফতার
মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা রাজশাহীর শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাসের সহযোগী ও দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসায় জড়িত। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।
ইত্তেফাক/এসি

