বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার অনুর্ধ্ব-১৯ যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। আবহাওয়া অনুকূলে থাকলে সকাল ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে শেষে সাড়ে ৯টায় স্টেডিয়ামের মাঠে শুরু হবে চারদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের বল-ব্যাটের লড়াই।
শুক্রবার বিকেল ৪টায় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে ৪ দিনের যুব আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ট্রফি উন্মোচন করা হয়। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এস,এম অজিয়র রহমান, বিসিবি’র পরিচালক আলমগীর খান আলো, বাংলাদেশ দলের অধিনায়ক অমিত হাসান, শ্রীলংকা দলের অধিনায়ক নিপুন র্ফানানডো সহ উভয় দলের ম্যানেজার, বিসিবি’র কর্মকর্তাগণ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এদিকে শুক্রবার বৈরি আবহাওয়ায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের ন্যায় উভয়দলের খেলোয়াড়রা স্টেডিয়ামে অনুশীলন করতে পারেননি। তবে প্রথমদিন বৃহস্পতিবার সকালে বাংলাদেশ দলের ও বিকেলে শ্রীলঙ্কা দলের খেলোয়াড়রা মাঠে অনুশীলন করেছে। উভয়দলের খেলোয়াড়দের থাকা হোটেলের চারিপাশে সার্বিক নিরাপত্তাসহ আসা-যাওয়ার পথ এবং স্টেডিয়ামে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন আইনশৃক্সখলা বাহিনীর সদস্যরা।
আরও পড়ুন: রোহিঙ্গা অপরাধীদের আস্তানা শনাক্তে পাহাড়ে র্যাবের ড্রোন
উল্লেখ্য, ১৯৬৬ সালে প্রায় ৩০ একর আয়তনের বরিশাল স্টেডিয়াম প্রতিষ্ঠার পর ৫৩ বছরে এই প্রথম কোনো বিদেশি দল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে বরিশালে এসেছে। ফলে বরিশালের ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
ইত্তেফাক/কেকে
